সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
ঈদুল আজহার ছুটিতে গতকাল বুধবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে আসেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সফিউল আলম। তিনি বলেন, দিগন্তবিস্তারী সাগরের সৌন্দর্য উপভোগ করতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন।সফিউলের মতো এই সৈকতে ভিড় করেছে বিনোদনপিয়াসী হাজারো মানুষ। গতকাল সকাল থেকে পর্যটকদের আনাগোনা শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বিকেল তিনটায় সৈকতে তিল ধারণের জায়গা ছিল না।শুধু পতেঙ্গা সৈকত নয়, চট্টগ্রাম নগরের শিশুপার্ক কিংবা অন্য বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় ছিল লক্ষ করার মতো। সাধারণ মানুষের ভিড় ছিল কাজীর দেউড়ির চট্টগ্রাম শিশুপার্ক, আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক, বহদ্দার হাটের স্বাধীনতা পার্কসহ কয়েকটি পার্কে। এদিকে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কেও ছিল ভিড়। ঈদের দিন সোমবার দর্শনার্থী তুলনামূলক কম থাকলেও মঙ্গলবার সকাল থেকেই লোক সমাগম বাড়তে থাকে।পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে ফয়’স লেকে এসেছেন আবুধাবি-প্রবাসী আনোয়ার হোসেন। ঢাকার এই বাসিন্দা জানান, ‘দেশের বাইরে থাকায় পরিবারের সদস্যদের তেমন সময় দিতে পারি না। একসঙ্গে বেড়াতে যাওয়া হয় না অনেক দিন। তাই ঈদের ছুটিতে চলে এলাম পাহাড় আর সমুদ্রঘেরা চট্টগ্রামে।’পার্কের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে জানান, পার্কের রিসোর্টগুলো বুধবার থেকে আগামী চার-পাঁচ দিনের জন্য সবই বুকিং হয়ে গেছে। ঈদ উপলক্ষে সোমবার থেকে ঈদের ১০ দিন পর্যন্ত সি ওয়ার্ল্ডে থাকবে ডিজে পার্টি। ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ঈদ কনসার্ট। ঈদ উপলক্ষে পার্কের ১৫টি রাইডসে চড়া যাবে মাত্র ১০০ টাকায়।চট্টগ্রাম শিশুপার্কে মেয়ে মুক্তা ও স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন মোনায়েম হোসেন। তিনি বলেন, ‘মেয়েটা পার্কে আসতে খুব ভালোবাসে। ওর আনন্দের জন্যই আমাদের আসা।’