সৈকত খাঁ খাঁ, পর্যটকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসটা এসে থামল কলাতলী সমুদ্রসৈকতের কাছে। যাত্রীদের চোখেমুখে সমুদ্রশহরে পৌঁছানোর আনন্দের ঝিলিক। এক নবদম্পতি তড়িঘড়ি নামলেন বাস থেকে। স্বামী-স্ত্রী দুজনেরই মুগ্ধ দৃষ্টি সাগরের পানে। খানিক দূরেই বিছিয়ে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। পর্যটকদের মুগ্ধতার চিরচেনা এই দৃশ্য গেল এক সপ্তাহে প্রায় দুর্লভ হয়ে উঠেছে দেশের পর্যটন শহরে। মে থেকে সেপ্টেম্বরের আগ পর্যন্ত সময়টা এই সমুদ্রনগরে এমনিতেই ‘অফ সিজন’ বা মন্দা মৌসুম হিসেবে স্বীকৃত। তার ওপর সৈকতে গোসল করতে নেমে ধারাবাহিক মৃত্যুর ঘটনা কালো ছায়া ফেলেছে হোটেল-মোটেল ব্যবসায়ও। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলছিলেন, গত ২০ বছরে হোটেল-মোটেল ব্যবসায় এ রকম খারাপ সময় আসেনি। গত ২৯ জুলাই সাগরে ডুবে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার আর তাঁর দুই বন্ধুর মৃত্যুর পর থেকে দেশের সব সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন উঠেছিল। আর তারই প্রভাব এসে পড়েছে হেটেল-মোটেল ব্যবসায়। অফ সিজন হলেও গেল দুই বছর এই সময়টায় প্রতিদিন ৪০-৫০ হাজার পর্যটক আসত। সে হিসাবে গত সাত দিনে আড়াই থেকে তিন লাখেরও বেশি পর্যটক খুইয়েছে কক্সবাজার। লাবণী পয়েন্ট সমুদ্রসৈকতের খুব কাছেই হোটেল কল্লোল। হোটেলের ম্যানেজার এ এইচ এম জায়দী জানালেন, ‘রোজার শুরুতে সব সময় পর্যটক কম থাকে। তবে এবার অন্য যেকোনো সময়ের চেয়েও খারাপ অবস্থা। হোটেলের ৬০টি রুমের মাত্র দুটির বুকিং আছে। প্রতিবার রোজার মাসে অন্য ধর্মের প্রচুর পর্যটক আসেন। এবার তাঁদেরও আমরা পাইনি।’হোটেল সী প্যালেসের সহকারী ব্যবস্থাপক খায়রুল হক জানালেন, ২৫৩টি রুমের মধ্যে মাত্র দুটির বুকিং আছে। হোটেল অভিসারের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন জানালেন, তাঁদের হোটেলে ৫৬টি রুমের মধ্যে বুকিং আছে তিনটির। সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পর্যটক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী বলেন, গত ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত চার মাসে সৈকতের লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত চার কিলোমিটার সমুদ্রে গোসল করতে নেমে মারা গেছেন চার পর্যটক। আর এ সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে শতাধিক পর্যটককে। এ নিয়ে গত ১০ বছরে সমুদ্রে ডুবে মারা গেছেন ৮৪ পর্যটক। উদ্ধার করা হয়েছে এক হাজারের বেশি জনকে।ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল এর সত্যতা নিশ্চিত করে বলেন, যারা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই কলেজছাত্র। ভাটার সময় স্রোতের টানে অথবা গুপ্তখালে আটকা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। সৈকতে এক চক্কর‘জীবন অমূল্য সম্পদ। ভাটার সময় পানিতে নামবেন না’। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় ঢোকার পথেই এই সাবধানবাণী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মতো বাজে। আকাশ মেঘলা। সৈকতে চেনা হই-হুল্লোড় নেই। সব মিলিয়ে জনা পঞ্চাশেক পর্যটক ঘোরাঘুরি করছেন বালুকাবেলায়। সৈকতের অস্থায়ী ছাতাগুলোর সিংহভাগই খালি। গুটিকয় ‘সাহসী’ পর্যটক নেমেছেন হাঁটুপানিতে। পানিতে দাপাদাপি করছেন মনের আনন্দে। অন্যরা অলস বসে আছেন। সপ্তাহখানেক আগে সপরিবারে কক্সবাজারে এসেছেন জার্মানপ্রবাসী ব্যবসায়ী জয় আবেদীন। তিনি বলছিলেন, ‘বিদেশে থাকলেও বছরে অন্তত একবার কক্সবাজারে আসা হয়। কক্সবাজার আমাদের প্রিয় বেড়ানোর জায়গা। এই সময়টা আমার পছন্দ, কারণ ভীড়-বাট্টা কম।’