সৈকত বলছেন ‘গুলি’, পুলিশের ‘না’
ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিক দাবি করেছেন, তাঁর পায়ে পুলিশের ছোড়া আগ্নেয়াস্ত্রের গুলি লেগেছে। পুলিশ বলছে, তা কাঁদানে গ্যাসের শেলের আঘাত হতে পারে।গত ৩০ ডিসেম্বর জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশি অভিয়ানে বাঁ পায়ে আঘাত পেয়েছিলেন সৈকত মল্লিক (২৫)। এখন ব্যান্ডেজ-বাঁধা পা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয়তলায় ৪১ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।সৈকতের ভাষ্যমতে, ‘আমার পায়ে গুলি করা হয়েছে। ৩০ ডিসেম্বর বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি শুরু করি। দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে সচিবালয়ের সামনে পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করা হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। কাঁদানে গ্যাস ও বারার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করা হয়। এ সময় পুলিশ আমাকে লাঠিপেটা করে। একই সঙ্গে মাটিতে ফেলে আমাকে বুট দিয়ে আঘাত করে। এ সময় আমার মনে হলো কী যেন একটা আমার বাঁ পায়ে ফুটল। মুহূর্তে বাঁ পায়ের ব্যথা যেন শত গুণ বেড়ে গেল। দেখলাম, পানির কলের মতো রক্ত গড়িয়ে পড়ছে। তার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি।’প্রেসক্লাব থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন শাহবাগ থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শহীদ চৌধুরী। এর কিছু সময় পর সৈকতের জ্ঞান ফিরে আসে। সৈকতের ভাষ্য, ‘জরুরি বিভাগে এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে জানাতে পারি, পায়ে গুলিবিদ্ধ হওয়ায় অস্ত্রোপচার করাতে হবে। এক্স-রে রিপোর্ট দেখিয়ে সৈকত বলেন, ‘অস্ত্রোপচারের পরও চিকিৎসকেরা আমাকে জানান, বাঁ পায়ে সিসার টুকরো বের করা হয়েছে। আমার পায়ের দুটি স্থানে হাড় ভেঙে গেছে। কাঁদানে গ্যাসের শেলের টুকরো পায়ে লাগলে তো আমার প্যান্ট পুড়ে যেত। তেমনটি তো হয়নি!’সৈকত বলেন, ‘গতকালও (বুধবার) চিকিত্সার বিবরণপত্রে চিকিৎসকেরা দুবার গুলিবিদ্ধ হওয়ার কারণ উল্লেখ করেছিলেন। পরে সেই দুটি শব্দ কালি দিয়ে কেটে দেওয়া হয়। কিন্তু আঘাতের কারণ উল্লেখ করা হয়নি।’এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসা কর্মকর্তা অসীম সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সৈকতের আঘাতের কারণ সম্পর্কে শাহবাগ থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শহীদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাঁদানে গ্যাস শেলের আঘাত পেয়েছেন তিনি। কোনো গুলি লাগেনি সৈকতের পায়ে।’ গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জুনায়েদ সাকি দাবি করেন, সৈকতের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত ও বিচার দাবি করে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘গুলি ছোড়ার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেদিন হয়নি। এর পরও শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে মুহুর্মুহু কাঁদানে গ্যাস ছোড়া ও সৈকতের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার মাধ্যমে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, সরকার ভয় দেখিয়ে জনগণের আন্দোলন দমন করতে চায়।’