সৈকতে সেনাসদস্যদের বিরুদ্ধে পর্যটককে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টে গতকাল শনিবার সেনাসদস্যদের মারধরে মো. হানিফ (৪০) নামের এক পর্যটক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষা করতে গিয়ে পুলিশের দুজন সদস্যও তাঁদের হামলার শিকার হয়েছেন।বেলা একটার দিকে পুলিশ হানিফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে (হানিফকে) শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হানিফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কলেজ গেট এলাকার কালু মিয়ার ছেলে।হানিফের ছোট বোনের (২২) বক্তব্যমতে, গত বৃহস্পতিবার সকালে মা, ভাই-ভাবি ও দুই বোন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে কোমর পানিতে নেমে গোসল করছিলেন। এ সময় একদল তরুণ তাঁর ভাবির দিকে ফুটবল নিক্ষেপ করে। এতে ভাবি গুরুতর আঘাত পান। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তরুণেরা ভাইকে বালুচরে ফেলে মারধর করে। তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরে পর্যটন পুলিশের দুই কনস্টেবল কর্মেন প্রিয় চাকমা (২৮) ও জুয়েল হক (২৯) ভাইকে উদ্ধার করতে এগিয়ে এলে তারা নিজেদের সেনাসদস্য দাবি করে তাঁদেরও মারধর করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সৈকতে পর্যটকদের ভ্রমণসেবায় নিয়োজিত পর্যটক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে দুজন মেজরের নেতৃত্বে চকরিয়ায় অবস্থিত ১ নম্বর ফিল্ড ব্যাটালিয়নের রামু গ্যারিসনের পাপা ব্যাটারি কোম্পানির ৫৬ সেনাসদস্য সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে ফুটবল খেলছিলেন। সবার পরনে ছিল সাদা পোশাক। এ সময় নারীর শরীরে ফুটবল আঘাত করা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।এ হামলার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ওই নারীর গায়ে ফুটবল পড়লে সম্ভবত ওনার স্বামী তেড়ে এসে এক সেনাসদস্যকে ঘুষি মারেন। এরপর সেনাসদস্য পরিচয় দেওয়ার পরও গালমন্দ শুরু করলে অপর কয়েকজন সেনাসদস্য তাঁকে মারধর করেন বলে শুনেছি। পরে আহত লোকটিকে তাঁরা হাসপাতালে ভর্তি করেন।’ এক প্রশ্নের জবাবে ওই সেনা কর্মকর্তা বলেন, হামলার ঘটনায় সেনাসদস্যরা দোষী হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুই পুলিশ কনস্টেবলের ওপর হামলা ও মারধরের কথা মিথ্যা বলে দাবি করেন। সহকারী পুলিশ সুপার (সদর মডেল থানা) তোফায়েল আহমদ বলেন, ওই পর্যটককে রক্ষা করতে গিয়ে দুই পুলিশ সেনাসদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন। সরকারি একটি বিশেষ বাহিনীর সদস্যদের হাতে আরেকটি বাহিনীর সদস্যদের মারধরের ঘটনা লজ্জাজনক। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন।