সৈকতের আকাশে ঘুড়ির মেলা
কক্সবাজারের আকাশে আজ উড়েছে বাঘ, অজগর, প্রজাপতি, মিকিমাউস, হাঙর, অক্টোপাসসহ রং-বেরঙের গোলাপ, শাপলা, বক ও শকুন। আর আকাশে এতসব ঘুড়ির ওড়াউড়ি দেখেছেন বিশ্বের দীর্ঘতম এই সৈকতে বেড়াতে আসা হাজার হাজার পর্যটক। আকাশে আজ ছিল বনের বাঘের সঙ্গে সমুদ্রের হাঙর অথবা ডলফিনের যুদ্ধ। আর এই যুদ্ধ দেখে মুগ্ধ হয়েছেন পর্যটকেরা।বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সৈকতের সি-গাল পয়েন্টে দুই দিনের ঘুড়ি ওড়ানোর জাতীয় উত্সবের প্রথম দিনের চিত্র এটা। উত্সবে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার, উত্সব আনন্দ সবার’।একটি চিলের ঘুড়ি উড়িয়ে আজ শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটে দুই দিনব্যাপী এ ঘুড়ি উত্সবের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। উত্সবের উদ্বোধন করে ফারুক খান বলেন, এই ঘুড়ি উত্সব কক্সবাজার সমুদ্রসৈকতকে বিশ্বের কাছে আরও পরিচিত করে তুলবে। এতে বিদেশি পর্যটকেরাও বাংলাদেশে আসতে আগ্রহ পাবেন।ঢাকা কমার্স কলেজের ছাত্রী তাকসিন শারমিন (২০) সৈকতের বালুচরে দাঁড়িয়ে প্যাঁচা ঘুড়ি ওড়াতে ওড়াতে বলেন, ছোটবেলা থেকেই তাঁর ঘুড়ি ওড়ানোর শখ। কিন্তু কোথাও সেই সুযোগ পাওয়া যায় না বলে সৈকতে ছুটে এসেছেন।মাগুরা থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম (২৮) আকাশে চিল ঘুড়ি ওড়াতে পেরে মহা খুশি। এ ছাড়া কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র উদগ্রিব পাল বলে, ‘কৌশল জানা না থাকলে ঘুড়ি ওড়ানো যায় না, তা এখানে এসে শিখলাম।’পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈকত ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দত্ত চাকমা প্রথম আলো ডটকমকে বলেন, আজ অন্তত ৩০ হাজার পর্যটক ঘুড়ি ওড়ানোর উত্সব উপভোগ করেছেন।সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিং, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা, মহাকাশ গবেষক ও জ্যোতি পদার্থবিদ দীপেন ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রমুখ।