সৈকতের গুপ্তখালে আটকা পড়ে ঢাকার স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে গুপ্তখালে আটকা পড়ে ঢাকার এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল রোববার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।মৃতের নাম মো. ইব্রাহিম (১৬)। সে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার মো. করিমের ছেলে। ইব্রাহিম যাত্রাবাড়ী সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ইব্রাহিমসহ তিনজন স্কুলছাত্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে গোসল করতে নামে। এ সময় সাগরে ভাটা চলছিল। ১০ মিনিটের মাথায় বিশাল একটি ঢেউ তিনজনকে ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় রবি লাইফ-গার্ড স্টেশনের কয়েকজন ডুবুরি সাগরে তল্লাশি চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। সাড়ে ১২টায় উদ্ধার করা হয় ইব্রাহিমকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান ডুবুরিরা। সেখানকার কর্তব্যরত চিকি ৎ সক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকি ৎ সক হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। পানি খেয়ে তার পেট ফুলে যায়।রবি লাইফ-গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি সৈয়দ নূর বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ওই তিন কিশোর সাগরে গোসল করতে নামে। তল্লাশি চালিয়ে গুপ্তখাল থেকে তাদের উদ্ধার করা হয়।পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী স্কুলছাত্র ইব্রাহিমের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে ভাটার সময় নিষেধাজ্ঞা অমান্য করে পাঁচ হাজারের বেশি পর্যটক গোসল করতে নামেন। তাঁদের বাধা দিলে উল্টো গালাগাল করেন। অনেকে ভয় দেখান ও হুমকি দেন।পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার নারী, শিশুসহ ৮২ জনের একটি দল গত শুক্রবার সকালে কক্সবাজার ভ্রমণে আসে। তারা ওঠে সৈকতের হোটেল মোটেল জোন এলাকার বে ভিউ গেস্টহাউসে।ওই দলের প্রধান ও যাত্রাবাড়ীর বাসিন্দা আবুল হোসেন জানান, গতকাল বিকেলে তাঁদের ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা। দুপুর ১২টায় তাঁরা হোটেলকক্ষও ছেড়ে দেন। কিন্তু অল্প সময়ের জন্য ইব্রাহিমসহ তিনজন সাগরে গোসল করতে গিয়ে বিপদে পড়ে।৩ সেপ্টেম্বর সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে গুপ্তখালে আটকা পড়ে মারা যায় চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার স্কুলছাত্র মো. সান (১৭)।