সৈনিক পরিবারের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ফেব্রুয়ারির কাকডাকা ভোর। এক কাপড়ে তিনটি সন্তানের হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন এক সৈনিকের স্ত্রী। পেছনে পিলখানার সংসার। কোথা থেকে যে কী হয়ে গেল বুঝে উঠতে পারছেন না। কর্তার চাকরি আছে আর ২১ দিন। এই সময়ে এভাবে সব ফেলে বেরিয়ে আসতে হবে, গত ২৫ বছরে একটিবারও ভাবেননি তিনি। সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছেলেমেয়েদের নিয়ে।এভাবে এক দিন যায়, দুই দিন যায়। স্বামী নিখোঁজ। ছেলে রাইফেলস কলেজের ছাত্র, বড় মেয়েটা পাবলিক স্কুলে আর সবার ছোটটি ইংরেজি মাধ্যমে দ্বিতীয় শ্রেণীতে। ছোটটিকে ঘিরেই অনেক বড় স্বপ্ন। এখন কী করবেন? স্বামী কি ফিরবেন? ফিরলে তো চিন্তা নেই। শুধু সমস্যা একটাই, বাচ্চাদের লেখাপড়ায় ছেদ পড়ল। ভালো প্রতিষ্ঠানে পড়ে ওরা। ক্ষতি হয়তো কাটিয়ে উঠবে। আড়াই মাস পর ওই সৈনিক-পত্নীর স্বপ্ন ভঙ্গ হলো। জানতে পারলেন, বিডিআর বিদ্রোহে যুক্ত থাকার অভিযোগে স্বামী আটক। পিলখানার গোছানো সংসার, ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়ানো—এসব চিন্তা মাথা থেকে ছুড়ে ফেলে যুদ্ধে নামলেন তিনি।কেমন আছেন এখন, সন্তানেরাই বা কী করছে—এমন প্রশ্নে ওই সৈনিক-পত্নীর উত্তর, ‘ছেলেটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ত। ওরেও আর ইন্টারটা দেওয়াতি পারলাম না। এক বছর বাসায় রেখে পলিটেকনিকে ভর্তি করায়ে দিলাম। সেখানেও কষ্টে আছে। এই তো ২৮ তারিখ থেকে পঞ্চম সেমিস্টার পরীক্ষা। সব বই কিনি দিতি পারিনি। কলেজে ঠিকমতো যাতি পারে না। বাপ জেলে বলি টিচারেরা মন্দ বলে।’সন্তানদের লেখাপড়ার খরচ জোটাতে ওই সৈনিক-পত্নী এখন সেলাই করেন। ছেলেমেয়েদের কোনো আবদার মেটান না। বাবা জেলে যাওয়ার পর থেকেই বড় মেয়েটা কেমন যেন হয়ে গেছে। লোকের কথা সহ্য করতে না পেরে আজকাল আর কারও সঙ্গে কথা বলে না। কোনো অনুষ্ঠানে যায় না। ছোট মেয়েটিকে তিল পরিমাণ কষ্ট পেতে হয়নি কখনো। পঞ্চম শ্রেণী পড়ুয়া সেই মেয়েটি এখন চার মাইল হেঁটে স্কুলে যায়, টিফিন বক্স নামের একটি জিনিসে একসময় তাকে কিছু খাবার দেওয়া হতো, সে কথা তার আর মনেই পড়ে না।কথার এক ফাঁকে ওই সৈনিক-পত্নী বললেন, যতবার মেয়েরা বাবাকে দেখতে কারাগারে যায়, ততবারই কাঁদে। বাবাও কাঁদে। আরও বললেন, জেলে আটক আছে, এমন প্রতিটি বিডিআর সৈনিকের পরিবারের গল্প একই। লন্ডভন্ড হয়ে গেছে ওদের জীবন, গভীর অনিশ্চয়তায় সন্তানেরা। মায়েদের ভরসা এখন ছেলেমেয়েরা। তাঁদের আশা, লেখাপড়া শিখে সন্তানেরা হয়তো একদিন ভুলিয়ে দেবে জমে থাকা সব কষ্ট।