সাধারণ সৈনিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাঁদের পেশাগত সমস্যা দ্রুত সমাধানের জন্য সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ২০০৯-১০ গ্র্যাজুয়েশন কোর্সের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান। অধীনস্থদের ছোটখাটো সমস্যা উপেক্ষা বা চাপা দিয়ে না রাখার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সমস্যা তাত্ক্ষণিকভাবে সমাধান না করা হলে কী ঘটতে পারে, তা আমরা অতীতে দেখেছি। কাজেই যখনকার সমস্যা, তখনই সমাধান করতে হবে।’ খবর ইউএনবি ও বাসসের।সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেকোনো সমস্যা মোকাবিলা করার মতো সাহস ও দক্ষতা আপনাদের আছে।’জুনিয়র অফিসার ও অন্যান্য সেনাসদস্যের ছোটখাটো ভুলভ্রান্তির ব্যাপারে সহনশীল হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তবে তিনি বলেন, ‘প্রয়োজনে অপরাধভেদে কঠিন শাস্তির বিধানও আপনারা অনুসরণ করতে পারেন।’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সফলতা আসবে তখনই, যখন আপনারা দেশের জনগণের সঙ্গে চলবেন এবং আপনাদের কর্মকাণ্ডে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন। এর থেকে বড় দেশসেবা আর কিছু হতে পারে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘এবারও দায়িত্ব নেওয়ার পর আমরা সশস্ত্র বাহিনীর পেশাদারি বাড়াতে ও কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা তিন বাহিনীর খাবারে ভারসাম্য এনেছি, যাতে করে সৈনিক ভাইয়েরা দুই বেলা মাছ অথবা মাংস খেতে পারে। নতুন পে-স্কেল দিয়ে বেতন বাড়ানো হয়েছে। জাতিসংঘ মিশন এলাকা থেকে স্বল্পমূল্যে ও কিছু ক্ষেত্রে বিনা মূল্যে টেলিফোনে দেশে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। সৈনিকদের অবসর ছুটি বা ছুটির অর্থের পরিমাণ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাসের সমপরিমাণ করা হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির প্রয়োজনে সশস্ত্র বাহিনী সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে যাঁরা পিএসসি ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পেশাদারি বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এর আগে প্রধানমন্ত্রী কলেজ গ্রাউন্ডে এসে পৌঁছালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দিন তাঁকে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৯০ জন, নৌবাহিনীর ১৬ জন ও বিমানবাহিনীর ২১ জন এবং ১৬টি দেশের ৩৪ জন ছাত্র-অফিসারসহ ১৬১ জনকে সনদ দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে—ব্রুনাই দারুস সালাম, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুদান ও তুরস্ক।মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, সশস্ত্র বাহিনীর বিভাগীয় প্রিন্সিপাল স্টাফ অফিসার, সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) উপাচার্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।