সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের একটি গুজবের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা স্পষ্টভাবে এ বিষয়ে জানাতে চাই, এটি সর্বৈবভাবে মিথ্যা, ভিত্তিহীন, বাস্তবতা-বিবর্জিত, অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক অপপ্রচার।’নিউইয়র্কভিত্তিক বাংলা বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডের একটি খবরে বলা হয়, সৈয়দ আশরাফ দলীয় সাধারণ সম্পাদক ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।গত রোববার সন্ধ্যা থেকেই সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব শোনা যাচ্ছিল। গতকাল সারা দিন এ গুজব সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে, বিভিন্ন দূতাবাস, হাইকমিশনসহ নানা পর্যায় থেকে সংবাদপত্রের কার্যালয়ে ফোন করে এ খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়।খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ আশরাফ রোববার সকালে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা উপকমিটির বৈঠকে যোগ দেন। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক ইমদাদ হোসেনের কফিনে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গভর্নেন্স-বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিশেষ অতিথি ছিলেন। সূত্র জানায়, সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানেও যায়। প্রধানমন্ত্রী গতকাল তাঁর দপ্তরে সৈয়দ আশরাফকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। জবাবে সৈয়দ আশরাফ বলেন, তিনি সকাল থেকেই সরকারি কাজে ব্যস্ত। তিনি এ ধরনের কোনো গুজবের কথা শোনেননি।