সৈয়দ আশরাফের ‘পদত্যাগ’ রটনা: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার এবং আওয়ামী লীগের শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। তারাই সরকারকে বিব্রত করার জন্য সৈয়দ আশরাফ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন বলে গুজব রটিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের অপকৌশলে আওয়ামী লীগ বা সরকার মোটেও বিব্রত নয়। আজ বিকেলে প্রথম আলো অনলাইনকে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন বলে নিউইয়র্ক-ভিত্তিক সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড যে সংবাদ পরিবেশন করেছে, তার জবাবে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। নিউজ ওয়ার্ল্ডের পরিবেশিত সংবাদে বলা হয়েছে, সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে একমত ছিলেন না। নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দল থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও সৈয়দ আশরাফের সঙ্গে দলের মতপার্থক্য ছিল। সে জন্য তিনি দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পুরো বিষয়টিই গুজব এবং ভিত্তিহীন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গেই ছিলাম। একসঙ্গে আমরা ভাষাসৈনিক ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। বিকেলে ই-গভর্নেন্সের ওপর প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সভা আছে। স্থানীয় সরকারমন্ত্রী সেখানে সভাপতিত্ব করবেন। সুতরাং এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। সবই ষড়যন্ত্রকারীদের কৌশল।’