সৈয়দপুরে ইটভাটায় জমির উর্বর মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে উর্বর জমির মাটি পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। আড়াই থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত জমির টপ-সয়েল (উপরি অংশ) কেটে নেওয়া হচ্ছে। এই ইউনিয়নে গড়ে উঠেছে ১৬টি ইটভাটা। এর ফলে জমিগুলো ফসল উৎপাদনে ক্ষমতা হারাবে বলে কৃষি বিভাগ আশঙ্কা করেছে। সৈয়দপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বললেন, জমির টপ-সয়েল বলতে বোঝানো হয় ছয় থেকে নয় ইঞ্চি উপরি অংশের মাটিকে। ওই মাটিতে থাকে কৃষি জমির উর্বরা শক্তি। তিনি বলেন, সৈয়দপুর উপজেলার মধ্যে কামারপুকুরের মাটি বেশি উর্বর। অথচ ইটভাটার মালিকেরা অনেকটা আগ্রাসীর মতো কামারপুকুরে উর্বর মাটি নিয়ে ব্যবসা শুরু করেছে। এতে করে সুদূরপ্রসারী বিরূপ প্রভাবের দিকে চলে যাবে এখানকার প্রাকৃতিক পরিবেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ইটভাটার জন্য সরেজমিন সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দাখিল করে এবং পরিবেশ ছাড়পত্র প্রদান করে। সেই ভিত্তিতে প্রশাসন থেকে ইটভাটা করার অনুমতি পায় মালিকেরা। সেক্ষেত্রে সার্ভেকালে দেখা হয়, এ ইটভাটা মালিকের নিজস্ব মাটির জোগান আছে কিনা? অর্থাৎ ইটভাটা করতে অবশ্যই ভাটা এলাকায় পুকুর কেটে সেখান থেকে মাটি সংগ্রহের ব্যবস্থা রাখা। ভাটার চিমনি ১২০ ফুট হতে হবে, যাতে পরিবেশের ক্ষতিকারক কার্বন ছড়িয়ে না পড়ে। আর কোনোভাবেই ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের খড়ি ব্যবহার করা যাবে না। কিন্তু কামারপুকুরের ইটভাটার ক্ষেত্রে এ বিষয়গুলো সেভাবে তোয়াক্কা করা হয় না। সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ ভাটাতেই ১২০ ফুট চিমনি ব্যবহার হচ্ছে না। ভাটার মালিক ভাটা এলাকায় কোনো পুকুরও খোঁড়েননি। তাহলে ‘পরিবেশ ছাড়পত্র’ কীভাবে পাচ্ছে ভাটাগুলো? এ ক্ষেত্রে একাধিক সূত্রে অভিযোগ হলো, টাকা দিলে সব কিছুই সম্ভব। কামারপুকুর এলাকার গৃহস্থ হাসেম আলী জানান, কেবল কামারপুকুর নয়, গোটা সৈয়দপুর উপজেলায় এখন ৪০টিরও বেশি ভাটা গড়ে উঠেছে। এই ভাটাগুলোয় ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি। এভাবেই ভাটা বাড়তে থাকলে আগামী ২০ বছরের মধ্যে এলাকায় আর কৃষি জমি থাকবে না। যা থাকবে তাতে ফসল উৎপাদনের ক্ষমতা থাকবে না। কামারপুকুরের ভাটা মালিক আরশাদ আনোয়ার স্বীকার করেন, পরিবেশ আইন অনুযায়ী তিনি ভাটা এলাকায় মাটির সংস্থানের ব্যবস্থা রাখেননি। তবে মাটি পাচ্ছেন কীভাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দালালদের মাধ্যমে ইটের মাটি সংগ্রহ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার প্রতি একর জমি এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। এক বছরের জন্য ইজারা (লিজ) নেন দালালেরা। লিজ নেওয়া জমি থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত মাটি কেটে নেন তারা। এসব আবার ট্রাকে-ট্রলিতে তুলে ভাটায় ভাটায় পৌঁছে দেন দালালেরা। ট্রাক ড্রাইভার মোমিনুল ইসলাম বলেন, তিনি মাটি বিভিন্ন জমিতে সংগ্রহ করে তা ভাটায় ভাটায় পৌঁছে দেন। বিশেষ করে ভাটার মৌসুমে এলাকার অনেক কৃষকই কৃষি জমি দালালদের বার্ষিক লিজে প্রদান করে থাকেন। তাঁর মতে অনেক ড্রাইভারই ভাটার মাটি পরিবহনের কাজে জড়িত রয়েছে বলে তিনি জানান। এ নিয়ে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘কৃষি জমির টপ-সয়েল কেটে নেওয়ার ব্যাপারটি আমি লক্ষ করেছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে খুব শিগগিরিই অবৈধভাবে চলতে থাকা ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’