নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে। অভিযোগ পাওয়া গেছে, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলার জেরে গতকাল শনিবার সকালে তাঁর ওপর এ হামলা হয়। পরে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সৈয়দপুর বাইপাস সড়ক অবরোধসহ উপজেলা কার্যালয় ও থানা ঘেরাও করেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম গতকাল সকাল নয়টার দিকে কলেজে আসেন। এর আগে থেকেই কলেজের প্রধান ফটকের সামনে ওই কলেজের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহীন হোসেন কয়েক শ সমর্থক নিয়ে অবস্থান করছিলেন। কাউন্সিলরের সমর্থকেরা অধ্যক্ষকে ভেতরে প্রবেশে বাধা দেন। বাধা উপেক্ষা করে অধ্যক্ষ তাঁর কার্যালয়ে ঢোকেন। একপর্যায়ে অন্তত ২০ জনের একটি দল তাঁর কার্যালয়ে ঢুকে অধ্যক্ষকে সমানে কিলঘুষি মারতে থাকে। পরে টেনেহিঁচড়ে তাঁকে বারান্দায় আনা হয়। এ সময় মেঝেতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনার প্রতিবাদে কলেজের কয়েক শ শিক্ষার্থী প্রথমে সৈয়দপুর থানা ঘেরাও করেন। পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে ওই কলেজের সুমি (১৮) নামের এক ছাত্রী আহত হন। তাঁকে সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।শিক্ষার্থীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন। ইউএনও আনারকলি মাহবুব এ সময় কার্যালয়ে না থাকায় শিক্ষার্থীরা বেলা একটার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের ওয়াপদা মোড় অবরোধ করেন। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর শত শত যানবাহনের ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য গন্তব্য অভিমুখে যাতায়াতে বিঘ্ন ঘটে।বিকেল তিনটার দিকে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার নুর আমিনের মধ্যস্থতায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘সভাপতি চাঁদা চেয়েছেন বলেই তো মামলা করেছি। এখন ওই মামলার জেরেই আমাকে এভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আমাকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।’এ অভিযোগ অস্বীকার করে সভাপতি শাহীন বলেন, ‘কে বা কারা অধ্যক্ষকে পিটিয়েছে, তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ ব্যক্তি। নানা অপকর্মের জন্য কলেজ পরিচালনা পর্ষদ ইতিমধ্যে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।বরখাস্তের ব্যাপারে কিছু জানেন না বলে উল্লেখ করেন অধ্যক্ষ। তিনি আরও জানান, তাঁকে মেরে আহত করার এ ঘটনায় মামলা করবেন।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলা করা হয়নি।