সৈয়দপুরে টিএসপি সারের সংকট
২৬ নভেম্বর টিএসপি সার কিনতে বাজারে এসেছিলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের সহির উদ্দিন (৩৫)। কিন্তু হতাশায় পেয়ে বসে তাঁকে, সারের দাম আকাশছোঁয়া। ফলে কিনতে পারলেন না প্রয়োজনীয় পরিমাণ সার। এ অবস্থায় আলু ও গম চাষ নিয়ে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কিত হয়ে পড়েন তিনি। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে সৈয়দপুর উপজেলায় দুই হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। গমও চাষ হবে ৫০০ হেক্টর জমিতে। সেভাবেই চলছে জমি তৈরির কাজ। কৃষকেরা জমি চাষ শুরু করলেও সার সংকট নিয়ে হতশায় পড়েছেন। কৃষক সহির উদ্দিন জানান, তিনি সৈয়দপুর শহরের কালাম ট্রেডার্সে গিয়েছিলেন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কিনতে। দাম শুনে উৎকণ্ঠায় পড়েন তিনি। হঠাৎ এক হাজার ১০০ টাকার টিএসপির দাম উঠেছে এক হাজার ৭৫০ টাকায়। এর কারণ জানতে চাইলে বিক্রেতা তাঁকে জানান, বাজারে সারের সংকট রয়েছে। ডিলারদের কাছে মজুদ কম থাকায় টিএসপি বেশি দামে বিক্রি হচ্ছে। এ কথা স্বীকার করেন ওই সার বিক্রেতা আবুল কালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার জানান, চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। ফলে ডিলাররাই এক হাজার ৫০০ টাকায় প্রতি বস্তা সার বিক্রি করছেন। এসব সার কৃষকদের হাতে যখন পৌঁছাচ্ছে তখন দাম দাঁড়াচ্ছে এক হাজার ৭০০ থেকে সাড়ে সতের শ টাকা। সরেজমিন গেলে কামারপুকুর ইউনিয়নের কৃষক জিয়াউল হক (৪৫) বলেন, দুই বিঘা জমিতে আলু চাষ করব বলে মনস্থির করেছি। এজন্য কমপক্ষে দুই বস্তা পটাশ ও এক বস্তা টিএসপি সার প্রয়োজন। কিন্তু বাজারে এখন সারের দাম দ্বিগুণ। কাজেই আলু আবাদ করা অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা করেন।বাঙালিপুর ইউনিয়নের কৃষক বেলাল হোসেন (৪০) সারের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান। সৈয়দপুরের সার ডিলার হাজি তসলিম জানান, টিএসপি সারের সরবরাহ মিল থেকেই কম হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। তিনি অতিরিক্ত সরবরাহের দাবি জানান। এদিকে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিভূ ভূষণ রায়ের সঙ্গে কথা বললে তিনি সার সংকটের কথা অস্বীকার করেন। তিনি জানান, টিএসপি নয়, পটাশ সারের সংকট হতে পারে। এজন্য অতিরিক্ত ১১০ টন পটাশ সরকারিভাবে বরাদ্দ নেওয়া হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরে রয়েছে ১৫ জন সার ডিলার। সব ডিলারের মোকামে গিয়ে খোঁজ নিয়েছি, সারের কোনো সংকট কোথাও দেখা যায়নি। যদি কৃষকেরা বাজারে সার না পান বা বেশি দামে কেনেন তাহলে ধরে নিতে হবে অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।