সৈয়দপুরে ডায়রিয়ায় আরও একজনের মৃত্যু
নীলফামারী জেলার সৈয়দপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আঁকা মাহমুদ (৫০) নামের আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। রিকশাচালক আঁকা মাহমুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে। গতকাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সৈয়দপুরে গতকাল সোমবার ডায়রিয়ার কারণ অনুসন্ধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুবকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদ ঘটনাস্থলে এসে ওই তদন্ত দল গঠন করেন। দলের অন্য সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিত্সক ষষ্ঠী চরণ চক্রবর্তী। তদন্ত দলটি সকাল থেকে তাদের কাজ শুরু করেছে। চিকিত্সক ষষ্ঠী চরণ চক্রবর্তী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করছি পীর সাহেবের ওরসে যে খিচুড়ি সরবরাহ করা হয়েছিল তা দীর্ঘক্ষণ নিষিদ্ধ পলিথিন ব্যাগে থাকায় বিষক্রিয়ার সৃষ্টি হয়। তবে এ নিয়ে আরও তদন্তের জন্য ঢাকার আইসিডিডিআরবির একটি প্রতিনিধিদল সৈয়দপুরে যাচ্ছেন। তারা আক্রান্ত রোগীর মলের নমুনা সংগ্রহ করে প্রকৃত কারণ উদঘাটন করবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব প্রথম আলোকে জানান, এখন পরিস্থিতি অনেকটা ভালো মনে হচ্ছে। কারণ, রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছে। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিত্সা কর্মকর্তা (ডিএমও) আনোয়ার হোসেন জানান, রেল শ্রমিক লীগের অনেক সহযোগিতা পেয়েছি। আক্রান্ত রোগীদের জন্য তারা অনেক সাহায্য-সহযোগিতা করেছে। এ হাসপাতালে আমরা ১০০ রোগীকে চিকিত্সা সেবা দিয়েছি। তাদের ওষুধপত্র, খাদ্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। যদিও রেল হাসপাতালে সংশ্লিষ্টদের বাইরে অন্য কাউকে চিকিত্সা দেওয়ার বিধান নেই তবুও মানবিক কারণে ওই আক্রান্ত রোগীদের প্রথম বারের মতো এখানে ভর্তি করা হয়। প্রসঙ্গত, উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের হজরত দাউদ আলী খন্দকার পীর সাহেবের বার্ষিক ওরসের খিচুড়ি খেয়ে গত রোববার রাতে দুই হাজারেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। ওই সব রোগীকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশেপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়।