সৈয়দপুরে মোটরসাইকেলে চলছে চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে চলছে ঘন ঘন মোবাইল কোর্ট। ট্রেনে যাতে ভারত থেকে পণ্য আনা না যায় এ জন্য রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ বেশ তৎপর। কিন্তু এতেও থেমে নেই চোরাচালানিরা। মোটরসাইকেল মেরামতের দোকান থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে কিংবা পিকআপ ভাড়া করে হিলি-সৈয়দপুর ৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তাঁরা। এই চোরাচালানি ট্রিপ মারা বাহকদের স্থানীয় ভাষায় ভাকলু (সরল মানুষ) বলা হয়। তবে তাঁরা যতই সরল হন, পুলিশ তাঁদের নাগাল পায় না।সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, সত্যি কথা বলতে কী, ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে এখন চোরাচালান বেড়ে গেছে। মূলত এসব ঠেকানোর দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর)। তিনি বলেন, হিলিতে ভারত থেকে আসা চোরাইপণ্য বিভিন্ন ট্রেনে উঠছে। এসব চলে যাচ্ছে সৈয়দপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে। তিনি আরও জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর জেলার আওতায় ১২টি জিআরপি থানাকে ঘিরে রয়েছে ২২টি জেলা, দুটি সিটি করপোরেশন ও তিনটি বিভাগীয় শহর। সীমান্তের হিলি স্টেশনটিও সৈয়দপুর জেলার আওতায়। কেবল সীমান্ত এলাকার পার্শ্ববর্তী যাবতীয় নিরাপত্তা ও চোরাচালান নিরোধের দায়িত্ব বিডিআরের। কিন্তু তাদের কাছ থেকে সেভাবে সহযোগিতা মিলছে না। তবে জিআরপি পুলিশ প্রতিদিন বিডিআরের সাহায্য ছাড়াই ট্রেনে ট্রেনে তল্লাশি অব্যাহত রেখেছে। ট্রেনে চোরাচালান কমে যাওয়ায় সৈয়দপুরের চোরাচালানিরা বেছে নিয়েছে ভিন্নপথ। ভাড়া করা মোটরসাইকেলে হিলি থেকে ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে পণ্য চলে আসছে সৈয়দপুরে। মালামাল হিলি থেকে পার্বতীপুর এবং পরে সৈয়দপুরে বয়ে আনা হচ্ছে। শুধু মোটরবাইকে নয়, ছোট ছোট পিকআপ ভ্যানেও ভারতীয় অবৈধ পণ্য আসছে। সৈয়দপুর প্লাজা, রেলওয়ে মার্কেট, শহীদ ডা. শামসুল হক সড়ক, লন্ডাবাজারসহ সব মার্কেটই এখন ভারতীয় পণ্যের দখলে। ঈদ সামনে রেখে মজুদ হচ্ছে ওই সব মালামাল। নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেল আরোহী একজন চোরাচালানি বলেন, ‘বিডিআর পুলিশ টাকা রেখে আমাদের এই সুযোগ করে দিয়েছে। ঈদের আগে এই এক মাসেই আমরা ভালো ব্যবসা করি। আর সৈয়দপুরের মোটরসাইকেল মেকারদের দোকান থেকে আমরা মোটরসাইকেল ভাড়া নিয়ে কাজ করি। পরে আবার ওই সাইকেল ফেরত দিই।’ এদিকে সৈয়দপুরের মোটরসাইকেল মেকার মানিক বলেন, ‘চোরাচালানিরা আমাদের কাছ থেকে কোনো মোটরসাইকেল ভাড়া নেয় না। যদি এমনটি হয়ে থাকে তাহলে সেগুলো হয়তো দূরের কোনো গ্রাম থেকে নেওয়া।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সৈয়দপুরে প্রচুর ভারতীয় পণ্য আসছে বিভিন্ন পথে। পুলিশি অভিযানে এসব মাঝেমধ্যে ধরাও পড়ছে। তবে চোরাচালানের সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। সৈয়দপুর বণিক সমিতির সভাপতি অভিযোগ স্বীকার করে বলেন, ‘একশ্রেণীর অধিক মুনাফাখোর ঈদ বাজার ধরতে চোরাইপথে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শার্ট-প্যান্টের পিস, কসমেটিকস, মসলাসহ বিবিধ পণ্য আনছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আমরা অবহিত করেছি। এভাবে চোরাচালান হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।’ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম বলেন, ‘ঈদের জন্য চোরাচালান বাড়ার খবর আমরা পেয়েছি। চোরাচালানিদের ধরতে ট্রেনে ট্রেনে মোবাইল কোর্টও বসানো হয়েছে। তবে তেমন কাজ হচ্ছে না। শুনলাম বিকল্পপথে মোটরসাইকেল ও পিকআপে চোরাইপণ্য সৈয়দপুরে আসছে। তাই আমরাও ঠিক করেছি কৌশল বদলানোর।’ বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার লে. কর্নেল সালেহ বলেন, ‘চোরাচালান রোধে আমাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ সত্যি না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।’