সৈয়দপুরে রেলশ্রমিকদের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাদা রেল মন্ত্রণালয় গঠনের ফলে সৈয়দপুরের রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা আনন্দ মিছিল করেছেন। আজ সোমবার দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় এক ভিন্ন আবহের সৃষ্টি হয়। কারখানার শ্রমিক-কর্মচারীরা সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক এবং রেলের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন। ট্রেড ইউনিয়নগুলো এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়। রেল শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোকছেদুল মোমিন জানান, রেলকে গতিশীল করতে আলাদা মন্ত্রণালয়ের বিকল্প নেই। তিনি বলেন, ‘আমরা উত্ফুল্ল যে রেল মন্ত্রণালয় তো পেলাম; সেই সঙ্গে একজন সুযোগ্য মন্ত্রীও পেলাম।’ জাতীয়তাবাদী রেল শ্রমিক-কর্মচারী দলের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক শহীদুল ইসলাম জানান, রেলের উন্নয়নে সত্যিকার অর্থেই আলাদা মন্ত্রণালয় গঠন জরুরি ছিল। জাতীয় রেল শ্রমিক পার্টি কারখানা শাখার সম্পাদক মনসুর আলী বলেন, রেলওয়ে খাত অবহেলিত ছিল। তিনি বলেন, নতুন মন্ত্রী রেলকে ঢেলে সাজিয়ে একটি রূপরেখা প্রণয়ন করবেন।