সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে জবাই, হরতাল পালিত
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে গত বুধবার রাতে জবাই করে হত্যা করা হয়েছে।হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের ডাকে গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর সদরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। বিকেলে নীলফামারী বাজার ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।সৈয়দপুর থানা সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে শরিফুল ইসলাম (৩২) ও সজির উদ্দিন (৬০) নামের দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সৈয়দপুর-রংপুর সড়কের কলাবাগান এলাকায় পৌঁছালে মুখোশধারী দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নামিয়ে তাঁদের মারধর করা হয়। পরে এই দুজনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দুই ব্যক্তি কোনো রকমে বাঁধন খুলে কাছের একটি ফিলিং স্টেশনে গিয়ে সৈয়দপুর থানায় খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ মহাসড়কের পাশে সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানের ব্যবহূত মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর পাশের ধানখেতে তাঁর জবাই করা লাশ পায় পুলিশ। মোখলেছুর হত্যার খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়। গতকাল ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর আখতার হোসেন জানান, মোখলেছুর রহমান রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুরে নিজের কার্যালয় থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে তিনি হত্যাকাণ্ডের খবর পান।মোখলেছুর রহমানের ছেলে ও খাতমধুপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাবার হত্যার বিচার চাই।’সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার নূর আহমেদসহ তিনি রাতেই ঘটনাস্থলে যান। পুলিশ সুপার মো. আলমগীর হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোখলেছুর রহমানের পরিবারের পক্ষ থেকে কারও নাম উল্লেখ না করে হত্যা মামলা করা হয়েছে।এদিকে মোখলেছুর রহমানকে হত্যার প্রতিবাদে গতকাল সৈয়দপুর সদরে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতাল চলাকালে সব দোকানপাট বন্ধ ছিল। হরতালের সমর্থনে মুক্তিযোদ্ধারা শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন।মোখলেছুর রহমান প্রায় ২৭ বছর খাতামধুপুর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।