সৈয়দপুরের লড়াই
১৯৭১ সালে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজল করিম ও উপ-অধিনায়ক দুজনই পাঞ্জাবি। সৈয়দপুর তখন অবাঙালি-অধ্যুষিত। ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবাঙালিরা বাঙালিদের আক্রমণ করলে অনেকে হতাহত হয়।এই উত্তেজনা সেনানিবাসেও ছড়িয়ে পড়ে। এ সময় তৃতীয় ইস্ট বেঙ্গলের অধিকাংশ সদস্যকে সেনানিবাসের বাইরে দূরে পাঠিয়ে দেওয়া হয়। বাঙালি মেজর নিজামউদ্দীন আহমেদ, লেফটেন্যান্ট মোখলেস, রফিকসহ ব্রাভো ও ডেলটা কোম্পানিকে মোতায়েন করা হয় দিনাজপুর জেলার ঘোড়াঘাটে; আলফা কোম্পানির একাংশকে অবাঙালি মেজর শাফায়েত হোসেনের নেতৃত্বে পার্বতীপুরে; চার্লি কোম্পানিকে ঠাকুরগাঁওয়ে। বাঙালি ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে চার্লি কোম্পানির ৪০ জনকে মোতায়েন করা হয় সৈয়দপুর-দিনাজপুরের মধ্যবর্তী মণ্ডলপাড়ায়। হেডকোয়ার্টার কোম্পানির সেনাসহ আলফা কোম্পানির বাকি সেনারা সেনানিবাসে ছিল।২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে ২৭ মার্চ ঘোড়াঘাটের বাঙালি সেনাসদস্যরা বিদ্রোহ করে প্রতিরোধযুদ্ধে যোগ দেন। এ খবর পেয়ে পার্বতীপুর, মণ্ডলপাড়ার বাঙালি সেনাসদস্যরাও বিদ্রোহ করেন। তবে এই তিন জায়গার বাঙালি সেনাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আলফা কোম্পানির অবাঙালি মেজর শাফায়েত হোসেন নিহত হন।২৮ মার্চ ঘোড়াঘাটে অবস্থিত প্রতিরোধযোদ্ধারা খবর পান, পাকিস্তান সেনাবাহিনীর ২৬ ফ্রন্টিয়ার ফোর্স ও ২৩ ফিল্ড রেজিমেন্ট বগুড়ার দিকে এগোচ্ছে। প্রতিরোধযোদ্ধাদের একটি অংশ ওই দলকে লেফটেন্যান্ট রফিকের নেতৃত্বে পলাশবাড়ীতে অ্যামবুশ করে।পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের ওপর প্রতিরোধযোদ্ধারা আক্রমণ চালালে তারা দ্রুত পিছু হটে গিয়ে পাল্টা গুলি শুরু করে। পাকিস্তানিদের নেতৃত্বে ছিলেন ধূর্ত পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেল কোরেশি। একপর্যায়ে তাঁর নির্দেশে পাকিস্তানি সেনারা গুলি ছোড়া বন্ধ করে দেয়। কোরেশি সাদা পতাকা উড়িয়ে সামনে এসে হ্যান্ডমাইকে গুলি বন্ধ করার অনুরোধ জানিয়ে আলোচনার প্রস্তাব দেন।এটি আসলে ছিল কোরেশির ফাঁদ। অনভিজ্ঞ লেফটেন্যান্ট রফিক সেই ফাঁদে পা দেন। তিনি আলোচনার জন্য যাওয়ামাত্র কোরেশি তাঁকে আটক করেন। রফিককে নিয়ে পাকিস্তানি সেনারা রংপুরের দিকে রওনা দেয়। এ ঘটনায় প্রতিরোধযোদ্ধারা হতবাক হয়ে পড়েন। পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নেতৃত্বহীন প্রতিরোধযোদ্ধারা পাল্টা আক্রমণ করলেও টিকে থাকতে পারেননি। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে একপর্যায়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে পাকিস্তানিদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়।সৈয়দপুর সেনানিবাসে তৃতীয় বেঙ্গলের বাকি সেনাসদস্যরা ৩১ মার্চ সকালে পাকিস্তান সেনাবাহিনীর হাতে আক্রান্ত হন। ইউনিটে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ক্যাপ্টেন আনোয়ার হোসেন (বীর প্রতীক, পরে মেজর জেনারেল), সুবেদার মেজর হারিস মিয়াসহ (বীর প্রতীক) প্রায় ১২০ জন বাঙালি সেনা ছিলেন। আক্রমণকারী পাকিস্তানি সেনা ছিল কয়েক গুণ। তার পরও বাঙালি সেনাসদস্যরা সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। যুদ্ধ চলে প্রায় দুই ঘণ্টা। পাকিস্তানিদের গোলার আঘাতে ইউনিটের গাড়িগুলো পুড়ে যায়। অসম যুদ্ধে ৩০-৩৫ জন বাঙালি সেনাসদস্য শহীদ এবং প্রায় ৪০ জন আহত হন।পাকিস্তানিরা মাইকযোগে প্রতিরোধযোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে। ক্যাপ্টেন আনোয়ার হোসেন জীবিত ও আহত যোদ্ধাদের নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে ফুলবাড়ীতে একত্র হন।ঠাকুরগাঁও, ঘোড়াঘাট ও পার্বতীপুরে অবস্থানরত প্রতিরোধযোদ্ধারাও ৩ ও ৪ এপ্রিলের মধ্যে ফুলবাড়ীতে চলে আসেন। তাঁরা সমবেত হয়ে দেশ শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তাঁদের অধিনায়ক নিযুক্ত হন নিজামউদ্দীন আহমেদ। বাঙালি সেনাদের যুদ্ধ করার অঙ্গীকার স্থানীয় জনসাধারণকে দারুণ অনুপ্রাণিত করে। প্রতিরোধযোদ্ধাদের তারা নানাভাবে সাহায্য করে।প্রতিরোধযোদ্ধারা এবার তিনটি দলে বিভক্ত হন। এগুলোকে নেতৃত্বে দেন আনোয়ার হোসেন, আশরাফ ও মোখলেস। পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধের জন্য তাঁরা ভুসিরবন্দর, খানসামা, বদরগঞ্জ প্রভৃতি স্থানে প্রতিরক্ষা অবস্থান নেন। ৫ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ভুসিরবন্দরে আক্রমণ করে। তিন দিন যুদ্ধের পর ভুসিরবন্দরের পতন হয়।৭ এপ্রিল পাকিস্তানিরা বদরগঞ্জে আক্রমণ করে। এখানে প্রতিরোধযোদ্ধাদের নেতৃত্বে ছিলেন আনোয়ার হোসেন। এখানেও তিন দিন বিরতি দিয়ে দিয়ে যুদ্ধ চলে। শেষ দিন অর্থাৎ ৯ এপ্রিল ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানিরা বদরগঞ্জ দখল করে। প্রতিরোধযোদ্ধারা বিপুলসংখ্যক পাকিস্তানি সেনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু পাকিস্তানি গোলন্দাজবাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে তাঁরা পিছু হটতে বাধ্য হন। প্রতিরোধযোদ্ধাদের কয়েকজন শহীদ এবং আনোয়ার হোসেনসহ অনেকে আহত হন। পাকিস্তানিদের পক্ষে এদিন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালিক।