সৈয়দা রিজওয়ানার বিরুদ্ধে মানহানির মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী ইকবাল কবিরের বিরুদ্ধে চট্টগ্রামে করা একটি মানহানির মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এতে এ মামলা থেকে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির অব্যাহতি পেলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আদালতের জাহাজ না ভাঙার নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ ভাঙা প্রতিষ্ঠানের জাহাজ আমদানির তৎপরতার বিষয়ে, এসব জাহাজের প্রবেশ বিষয়ে সতর্ক থাকতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে ২০১০ সালের ৮ ও ১৬ সেপ্টেম্বর বেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ ও সতর্কীকরণ চিঠি পাঠায়। নোটিশ ও সতর্কীকরণ চিঠির বিষয়বস্তু প্রথম আলো ও জনকণ্ঠে ছাপা হয়। এতে মানহানি হয়েছে—এমন অভিযোগে ম্যাক গ্রুপের ব্যবস্থাপক (ভূমি) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। পরবর্তী সময়ে মামলা বাতিল চেয়ে তাঁরা চলতি বছরের ২৪ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন।শুনানি নিয়ে আদালত ওই দিনই রুল জারি করেন এবং ছয় মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী সময়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রুল মঞ্জুর করে রায় দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন শুনানি করেন। মূল মামলার বাদীপক্ষে ছিলেন আইনজীবী কে এম সাইফুদ্দিন।