সৈয়ারপুরে স্থায়ী জলাবদ্ধতা
সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর আবাসিক এলাকার মাঠে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার অনেক বাসাবাড়িতেও স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়েছে। এতে মশা-মাছির জন্ম হচ্ছে। শুষ্ক মৌসুমেও শহরের এই আবাসিক এলাকায় বোরোর চাষ হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, প্রায় সাত-আট বছর ধরে এই জলাবদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার রিয়াছত উল্লাহ সড়ক, সোনাবান বিবি সড়ক, মাঝেরহাটি সড়ক, সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে প্রায় ১০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাঁরা আরও জানান, শহরের আবাসিক এলাকার এই জমিতে ১২ মাসই কমবেশি পানি থাকে। এতে এখানে কচুরিপানাসহ বিভিন্ন জলজ আগাছার জন্ম হয়। জায়গাটি মশাসহ বিভিন্ন কীটপতঙ্গের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বিভিন্ন বাসাবাড়ির পানি এই জমিতে এসে পড়ে। কিন্তু সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, পৌরসভার উদ্যোগে জমির পাশ দিয়ে একটি পাকা নালা করা হয়েছে। তাও ওই জমি থেকে অনেকটা উঁচুতে। তাই বৃষ্টি বা অন্য কোনোভাবে জমা হওয়া পানি বেরিয়ে যেতে পারে না। রিয়াছত উল্লাহ সড়কের বাসিন্দা শাহ অলিদুর রহমান বলেন, সৈয়ারপুর আখড়ার পুকুরের সঙ্গে একটি খাল ছিল। সেই খালটিও ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি যখন নালা উপচে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। খালটি সংস্কার করা হলে আখড়ার আশপাশের বাসাবাড়িসহ অনেক এলাকার পানি সহজে বেরিয়ে যেতে পারবে। এলাকার সুজন মিয়া জানান, পানি বের না হতে পারায় মরহুম হাজি মন্নাফ মিয়া, প্রবাসী আবদুল মতলিব, আজাদ মিয়া, ময়নু মিয়া, নানু মিয়া, প্রবাসী এরশাদ উল্লাসহ বিভিন্ন মালিকের কমপক্ষে ১০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জানান, এখানে শুষ্ক মৌসুমেও পানি থাকায় বছর তিনেক ধরে তিনি জমির কচুরিপানা পরিষ্কার করে বোরো চাষ করছেন। লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের বাসিন্দা পার্থ সারথি পাল বলেন, ‘এলাকার ফরেস্ট অফিস রোড ও কাশীনাথ রোডের বাসাবাড়ির পানি যাওয়ার কোনো রাস্তা নেই। সব পানি আমার জমিতে এসে পড়ে। আমার প্রায় সাড়ে তিন বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগে এখানে রবিশস্যের চাষ হতো। জলাবদ্ধতায় এখন তা আর সম্ভব হচ্ছে না। এবার কচুরিপানা সাফ করে বোরো লাগিয়েছি। জলাবদ্ধতার কারণে বাসাবাড়িও স্যাঁতসেঁতে হয়ে থাকে।’মৌলভীবাজারের পৌর মেয়র ফয়জুল করিম বলেন, ‘জায়গাগুলো ব্যক্তিমালিকানাধীন। এখানে খেত হয়, এটা আমি জানি। তবে আমরা এলাকায় নালা করে দিয়েছি। নালাগুলো জমি থেকে কিছুটা উঁচু হতে পারে, কারণ এটি আবাসিক এলাকা। বাড়িঘর নির্মাণ করার সময় মানুষ রাস্তার তুলনায় ভিটা উঁচু করে। সেদিকটি বিবেচনা করে ড্রেন উঁচু রাখা হয়েছে। তবু কীভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় সেদিকটা আমি দেখব।’