সোনা এল আসিফের দুর্ভাগ্যের দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন গড়াচ্ছে। বাড়ছে সোনার সংখ্যা। তবে পদক তালিকায় এখনো তেমন উজ্জ্বল নয় বাংলাদেশের অবস্থান। ভারতের গতির সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য কার! পাকিস্তানও কুলিয়ে উঠতে পারছে না ভারতের সঙ্গে।আগের দিন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলীয় দুটি সোনা জিতেছিল বাংলাদেশ। কাল ষষ্ঠ দিনে নিষ্পত্তি হওয়া ৬টি সোনার সবগুলোই ছিল শ্যুটিংয়ে এবং এখান থেকে এল কালকের দিনের একমাত্র এবং সব মিলিয়ে বাংলাদেশের চতুর্থ সোনা। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে এটি এসেছে।আসতে পারত আরেকটি সোনা। কিন্তু শেষ শটের আগের শটটি দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্যচ্যুত হওয়ায় ১০ মিটারের ব্যক্তিগত সোনাটি জিততে পারলেন না আসিফ হোসেন খান। তাঁকে খুশি থাকতে হয়েছে রুপা নিয়ে।এদিন পুরোটা সময় গমগম করছিল গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্স। আগের দিনের দুটি সোনা প্রত্যাশার পারদটা বাড়িয়ে দিয়েছিল এদিন। আসিফের নিজেকে ফিরে পাওয়ার মিশনও ছিল এ দিনটা। ব্যক্তিগতভাবে সোনা না জিততে পারলেও আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরীকে নিয়ে তিনিই এনে দিয়েছেন দলগত সোনা। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে সর্বশেষ এই ইভেন্টে দলগত সোনা জিতেছিল বাংলাদেশ।ফুটবল মাঠে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিরতির শেষ মুহূর্তে জাহিদ হোসেন বাংলাদেশকে এনে দেন একমাত্র গোলটি। কাল সেমিফাইনালে বাংলাদেশ সামনে পাচ্ছে ভারতকে।হকি মাঠে নেপালের বিপক্ষে জয়টা বিশাল। ২৪-০! সবচেয়ে বড় জয়ের গেমস রেকর্ড এটি। ভারতের বিপক্ষে আগামীকাল শেষ ম্যাচে জয় না পেলে বাংলাদেশকে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হবে শ্রীলঙ্কার সঙ্গে।কাবাডির শেষ লিগ ম্যাচে ভারতের কাছে হার ১১-৩৪ পয়েন্টে। আগের দিন পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় এখন কাবাডি দলকে নামতে হচ্ছে ব্রোঞ্জের লড়াইয়ে। ওদিকে বাস্কেটবল দল হেরেছে ভারতের কাছে। ফাইনালে ওঠা হলো না। ব্রোঞ্জের জন্যই লড়বে বাস্কেটবল দলও।কাল আফগানিস্তানকে ৪৮-১৮ গোলে হারিয়েছে হ্যান্ডবল দল।দিন শেষে ২০টি সোনা, ৬ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে শীর্ষে যথারীতি ভারত। পাকিস্তান দ্বিতীয় স্থানে—৬টি সোনা, ১১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ তাদের। ৪টি সোনা, ৫টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জেতা বাংলাদেশ তৃতীয় স্থানে।