সোনা জেতার পরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে তায়কোয়ান্দোতে সোনাজয়ী শারমিন ফারজানা খেলা ছেড়ে দিতে চাইছেন, সিদ্ধান্ত নিয়েও মত বদলেছেন শাম্মী আক্তার। কারণ অনুসন্ধান করেছেন বদিউজ্জামানছোটবেলায় দুষ্টু ছিল মেয়েটা। কারণে-অকারণে শুধু দৌড়াত। বাবা রইচউদ্দিন ছেলেদের ডেকে বলতেন, ‘দেখিস, এই মেয়ে একদিন দৌড়ে ফার্স্ট হবে।’ বড় হয়ে সেই মেয়ে দৌড়ায়নি, তবে অন্য খেলায় এসে সাফল্য ঠিকই পেয়েছে।বাবা মারা গেছেন ছয় বছর আগে। বেঁচে থাকলে দেখতেন তাঁর মেয়ের সাফল্য। গত দক্ষিণ এশীয় গেমসে (এসএ) সোনা জিতে প্রয়াত বাবাকে গৌরবান্বিতই করেছেন তায়কোয়ান্দো খেলোয়াড় শারমিন ফারজানা (রুমি)। ছয় মাস না পেরুতেই সেই ফারজানা এখন খবর হচ্ছেন অন্য কারণে। আর তায়কোয়ান্দো খেলতে চান না এই ‘স্বর্ণকন্যা’! এসএ গেমসে সোনাজয়ী আরেক তায়কোয়ান্দো খেলোয়াড় শাম্মী আক্তারও খেলা ছাড়তে চেয়েছিলেন সম্প্রতি। কিছুদিন খেলার বাইরেও ছিলেন। পরে অবশ্য সিদ্ধান্ত বদলেছেন আনসারের এই খেলোয়াড়। সোনা জেতার পর আরও উৎসাহ নিয়ে যেখানে তাঁদের খেলার কথা, অথচ তাঁরা কিনা খেলাই ছেড়ে দিতে চান বা চেয়েছিলেন! ফারজানা বলছেন তাঁর খেলা ছাড়তে চাওয়ার কারণটা, ‘অসুস্থতার জন্য খেলাটা ছেড়ে দেব। ডাক্তার আমাকে এখন খেলতে নিষেধ করেছেন।’ এই নিষেধাজ্ঞা শেষে খেলায় ফিরবেন? ফারজানা নিশ্চয়তা দিতে পারেন না, ‘দেখি, যদি সুস্থ হতে পারি তাহলে ভেবে দেখব।’ শাম্মীর সমস্যাটা অন্য। খেলাটা উপভোগ করতে পারছিলেন না মাগুরার আলমখালীর মেয়ে। বলছেন, ‘একসময় খেলতে মোটেও আর ভালো লাগত না আমার।’শরীরনির্ভর তায়কোয়ান্দো খেলায় অনেক পরিশ্রম করতে হয়। অনুশীলনে চাপ খুব বেশি। এই চাপ সইতে না পেরে ফারজানা-শাম্মী অনেক সময় ক্যাম্প ছেড়ে চলে যেতে চাইতেন! কারণটা বললেন শাম্মী, ‘ভোরবেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০-৪০ বার চক্কর দিতে হয়। অমন কঠিন ওয়ার্মআপ সেরে অনুশীলনে নামার পর শরীরে আর শক্তি থাকে না।’অনুশীলনের চাপ তো ছিলই, তার ওপর কোচ লি জু সং ছিলেন কঠিন মানুষ। একটু এদিক-সেদিক হলেই নাকি মারতেন! কোচ যখন অমন নিষ্ঠুর আচরণ করেন তখন তো অনুশীলন আর ভালো লাগার কথা নয়। ‘ভোররাত থেকে সূর্যের আলো ফোটা পর্যন্ত অনুশীলন চলত। সামান্য বিশ্রামের পর সকাল ও বিকেলেও অনুশীলন। কোনো কারণে ভুল করলে কোচ লি স্যার মারতেন’—বলছিলেন শাম্মী। এসএ গেমসের আগের ঘটনা ছিল ওটা। গেমসের পর কোচ নাকি আর মারতেন না। তাই কোরিয়ান কোচের ওপর আর অভিযোগ নেই শাম্মীর, ‘এসএ গেমসের পর উনি আর আমাকে মারেন না। মারলেও আমার কোনো কষ্ট নেই। শাসন করা তারই সাজে, আদর করে যে। এসব ভুলে আবার খেলায় ফিরে ভালো লাগছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি ভাবছি এশিয়ান গেমস নিয়ে।’ এসএ গেমসে সোনা জিতে নগদ পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছিলেন শাম্মী। শোনা যায়, এই টাকা পেয়ে খেলা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতেন তাঁর স্বামী। তবে বিষয়টা অস্বীকার করলেন শাম্মী, ‘শ্বশুরবাড়ির সবাই আমাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দেয়।’গত ২৪ আগস্ট রাতের ঘটনা। হযরত শাহজালাল বিমানবন্দরে সতীর্থদের বিদায় জানাতে গিয়েছিলেন শাম্মী। থাই বিমানে চেপে শ্রাবণী বিশ্বাস আর শাহনাজ পারভীন যখন কোরিয়ান ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো খেলতে দক্ষিণ কোরিয়ার পথে উড়াল দিলেন, তখন বিমানবন্দরে অনেক কেঁদেছিলেন। কারণ দেশের বাইরে বড় একটা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ যে হাতছাড়া করলেন শাম্মী। এই টুর্নামেন্টে খেলার কথা ছিল ফারজানারও। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কারোরই যাওয়া হয়নি।এসএ গেমসের সোনাজয়ীদের ছাড়াই কেন দল বাছাই করা হলো? ব্যাখ্যা দিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুুদুল ইসলাম রানা, ‘পারফরম্যান্সের বিচারে ওরাই সেরা। কিন্তু দল নির্বাচনের সময় ওদের খেলা নিয়ে সংশয় ছিল। যে কারণে বাধ্য হয়ে শাহনাজ ও শ্রাবণীকে কোরিয়া পাঠিয়েছি।’ কিন্তু ফারজানা বলছেন অন্য কথা, ‘আমি সব সময় ক্যাম্পেই ছিলাম। দল নির্বাচনের জন্য আসলে কোনো ট্রায়ালই হয়নি।’ তবে কোরিয়া যাওয়ার সুযোগ পাননি বলে ক্ষোভে-দুঃখে খেলা ছেড়ে দিচ্ছেন, সেই অভিযোগ তিনি অস্বীকার করলেন, ‘না, আমি এসব তুচ্ছ কারণে খেলা ছাড়ছি না। মারামারির এই খেলা আমার শরীরে সইছে না আর।’মাত্র ৬ মিনিটের খেলা। ২ মিনিট করে ৩ রাউন্ড। কিন্তু এর জন্য যে অনুশীলন, সেটিই সবচেয়ে কষ্টের মনে হয়েছে দুজনের কাছে। ফারজানা একবার পেটে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এসএ গেমসের ক্যাম্পে। গার্ড পরা থাকলেও তা যথেষ্ট সহায়ক মনে হয়নি। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে ফারজানাকে দেখে তাঁর এলাকার অনেকেই আগ্রহ দেখিয়েছে এই খেলায় আসতে। দেশে এমনিতেই খেলাধুলায় তেমন এগিয়ে আসছে না মেয়েরা। ফারজানারা চলে গেলে যে শূন্যতা নেমে আসবে আরও।