নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম এ আদেশ দেন।আদেশে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাদে সোনাইমুড়ী বাজার ও তত্সংলগ্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে আহত হন থানার চার পুলিশ সদস্য। তাঁদেরও প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ২৬টি রাবার গুলি ছোড়ে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবুর নেতৃত্বে দলীয় কর্মীরা পুষ্পার্ঘ নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে যান। একই সময় জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিনের সমর্থক মো. বাহারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশ তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় দুই পক্ষ ভাষা দিবস উপলক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি নিজেদের নেতাদের পক্ষে স্লোগান দিতে থাকে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬টি রাবার গুলি ছোড়ে পুলিশ। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ইউএনও ১৪৪ ধারা জারি করেন। পরে রাত পৌনে একটার দিকে জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু ও মো. বাহার পরস্পরকে দায়ী করেছেন। ইউএনও হাসিনা বেগম দুই পক্ষের সংঘর্ষের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।