সোনাইমুড়ীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর শহরের তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোনাইমুড়ী কলেজ মাঠে আজ রোববার বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকে। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন আজ দুপুরে এ সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এর আগে বেলা ১১টার দিকে সোনাইমুড়ী বাজারে আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত উপজেলা সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুর পক্ষের সমর্থকদের সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর হক বাহারের সমর্থকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়ুয়া প্রথম আলোকে জানান, দুই পক্ষের মধ্যকার উত্তেজনা এবং একই স্থানে সমাবেশ ডাকায় সোনাইমুড়ী কলেজ মাঠ, সোনাইমুড়ী উচ্চবিদ্যালয় মাঠ ও রেলওয়ে ময়দানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে।