সোনাইমুড়ীর সংঘর্ষের ঘটনায় এসআই প্রত্যাহার, আ.লীগের প্রতিবাদ সমাবেশ
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যকার সংঘর্ষে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় সোনাইমুড়ি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।গতকাল রোববার রাতে পুলিশ সুপারের (এসপি) নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে নোয়াখালী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।অন্যদিকে, সংঘর্ষে ব্যবসায়ী শাহ আলমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিকেলে আমিশাপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। বাজারের ব্যবাসায়ী ও আওয়ামী লীগের নেতা শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু।সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ওরফে বাকের, সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে বাহার, যুগ্ম সম্পাদক আবদুর রেজ্জাক, নারায়ণ চক্রবর্তী, খোরশেদ বাবুলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।বক্তারা সংঘর্ষের সময় নিহত হোটেল ব্যবসায়ী শাহ আলমকে তাঁদের কর্মী দাবি করে বলেন, বিএনপি শহীদ মিনারে ফুল দেওয়ার নাম করে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে আমিশাপাড়া বাজারে এসে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং তাঁদের দলের কর্মীকে নৃশংসভাবে হত্যা করে।এদিকে, শনিবার রাতের ওই সংঘর্ষ ও ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আজ বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, হত্যার ঘটনায় নিহত শাহ আলমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তাঁকে জানানো হয়েছে।পুলিশের এসপি হারুন-উর-রশীদ হাজারী জানান, সোনাইমুড়ীর পরিস্থিতি এখন শান্ত। আজও সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।গত শনিবার রাতে আমিশাপাড়া কলেজমাঠের শহীদ মিনারে ফুল দিতে আসা বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যকার সংঘর্ষে শাহ আলম নিহত হন। এ ঘটনায় আহত হন আটজন। এ সময় বাজারের আটটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিহত শাহ আলমকে আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের কর্মী বলে দাবি করেছে।