সোনাগাজীতে গণপিটুনিতে ডাকাত নিহত
ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার দিবাগত রাতে গণপিটুনিতে জসিম উদ্দিন (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। তিনি সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া (কুইচ্ছা ঘোনা) গ্রামের বাসিন্দা।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল গভীর রাতে উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের সাহেবের ঘাটসংলগ্ন সিরাজুল হকের বাড়িতে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গৃহকর্তা সিরাজুল (৫০), তাঁর ছেলে হোসেনকে (২৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এদিকে ডাকাতদের হামলায় আহত গৃহকর্তা সিরাজুল হক ও তাঁর ছেলেকে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিরাজুল হককে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।সিরাজুল হকের আরেক ছেলে দুলাল মিয়া দাবি করেন, ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসেট, চার্জ লাইট ও ঘরের মূল্যবান সামগ্রীসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোনাগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল পাঠানো হয়েছে। নিহত জসিম উদ্দিন সোনাগাজী থানায় একজন তালিকাভুক্ত ডাকাত ও সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।