সোনাগাজীতে গণপিটুনিতে নিহত ১
ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিখারী গ্রামে ডাকাত সন্দেহে দেওয়া গণপিটুনিতে আজাদ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের কাজীরহাট স্লুইস গেট-সংলগ্ন মোশারফের বাড়িতে এ ঘটনা ঘটে।আজাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে। তিনি সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নে থাকতেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে একটি ডাকাত দল মোশারফের বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরের দরজা ভাঙতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। এ সময় তারা মুঠোফোনে প্রতিবেশীদের বিষয়টি জানায়। গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইক থেকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেয়।এ খবরে কয়েক শ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে। এ সময় গণপিটুনিতে আজাদ (৩৫) নামের একজন মারা যান। অন্য দুজন গুরুতর আহত হয়েছেন।আহত নুরুল আলম (৩২) ও সেলিমকে (৩৫) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ফেনীর দাগনভূঁঞায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।