সোনাগাজীতে ডাকাতের হামলায় আহত ৬
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মকবুল আহম্মদের বাড়িতে গতকাল শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর গ্রামের হাফেজ মকবুল আহম্মদের ব্যবসায়ী ছেলে নুরুল আফসার স্থানীয় ধলিয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে আটক ও জিম্মি করে বাড়ি নিয়ে যায়। তাঁরা নুরুল আফসারের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ঘরের লোকজনকে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাতেরা ভেতরে ঢুকে সবাইকে পিটিয়ে আহত করে এবং অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় নুরুল আফসার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন। তিনি দাবি করেন, ডাকাতেরা আলমারি ভেঙে ৭০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, একজনকে আটক করা হয়েছে।