সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সামছুল আরেফিনের (৪৫) ওপর হামলা চালিয়েছে। রাতেই তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় নেতা-কর্মীদের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা চালানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সামছুল আরেফিন গতকাল রাত ১১টার দিকে সোনাগাজী বাজার থেকে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে চার-পাঁচজন সন্ত্রাসী রিকশার গতিরোধ করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সামছুলের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, এ ব্যাপারে থানায় মামলা না হলেও বিষয়টি দলীয় অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কি না, তা তদন্ত চলছে।