সোনাগাজীতে ১৪৪ ধারা জারি
ফেনীর সোনাগাজী উপজেলা সদরে একই স্থানে একই সময় বিএনপি এবং ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে সমাবেশ ডাকায় গোলযোগের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের আশপাশের ৫০০ গজ পর্যন্ত এলাকায় আজ সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লা নূরী প্রথম আলো ডটকমকে জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল তিনটায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করে সোনাগাজী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এদিকে সোনাগাজী উপজেলা এবং পৌর ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকেও সেখানে যৌথভাবে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে একই স্থানে দুই পক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় ওই কমিউনিটি সেন্টারের আশপাশের ৫০০ গজ পর্যন্ত এলাকায় আজ ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নবীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন রয়েছে।