সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ফেনীর সোনাগাজীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে গতকাল বুধবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন ওরফে মিন্টু (৩৭)। র্যাব ও পুলিশের দাবি, নিহত আনোয়ার জলদস্যু বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বাড়ি সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে। ‘বন্দুকযুদ্ধে’ অংশ নেওয়া র্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাকিবুল আমিনের ভাষ্যমতে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে জলদস্যু বাহিনীর প্রধান আনোয়ার হোসেন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন খবর পেয়ে র্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হন। তাঁদের উপস্থিতি টের পেয়ে তারা র্যাবের সদস্যদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে আনোয়ার গুলিবিদ্ধ হন। তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মেজর মো. রাকিবুলের তথ্যমতে, গুলিবিনিময়ের ঘটনায় তিনিসহ চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন, র্যাবের উপপরিদর্শক (এসআই) রমিজ আহম্মদ, এসআই মাহবুবুল কবির ও কনস্টেবল আল মামুন। এ সময় র্যাবের সদস্যরা আনোয়ারের দুই সহযোগী নুর করিম (৩২) ও নাজমুল হক ওরফে নয়নকে (৩৫) গ্রেপ্তার করেন।সোনাগাজী থানা পুলিশ জানায়, আনোয়ারের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস চাঁদাবাজি, ডাকাতিসহ ১০-১২টি মামলা বিচারাধীন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ারের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।