সোনাদিয়ায় ৪০০ একর জমি ফের অবৈধ দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বন বিভাগের প্রায় ৪০০ একর জমি ভূমিদস্যুরা আবারও অবৈধভাবে দখল করে নিয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে দস্যুরা প্রকাশ্যে শতাধিক শ্রমিক দিয়ে চিংড়িঘের করতে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। গত বুধবার ওই কাজ শেষ হলেও পুলিশ ও স্থানীয় প্রশাসন দখল বন্ধ করতে পারেনি।উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, সোনাদিয়া দ্বীপ রক্ষার জন্য বন সৃজন করতে ভূমি মন্ত্রণালয় ১৯৭৪ সালের ৯ আগস্ট সোনাদিয়া মৌজার ২ হাজার ১২১ একর জমি উপকূলীয় বন বিভাগকে হস্তান্তর করে। ১৯৯৬ সালে আরও ১১০ একর জমি বন বিভাগকে দেয় স্থানীয় প্রশাসন। ১৯৮০ সাল থেকে দ্বীপে প্যারাবন সৃজনের কাজ শুরু করে বন বিভাগ। এতে এক হাজার ৪৮৫ একর জমিতে ১৪ লাখ ৮৫ হাজার বাইনগাছের চারা রোপণ করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর দ্বীপের প্যারাবন উজাড় শুরু হয়। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীসহ ১৭ জন প্রভাবশালী ব্যক্তি হাজার হাজার শ্রমিক দিয়ে প্যারাবনের সব গাছ কেটে ফেলেন। অবৈধভাবে ১৩টি ঘেরে চিংড়ির চাষ করা হয়। বন বিভাগের লোকজন বাধা দিলেও তৎকালীন বিএনপির সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহর কারণে কিছুই করতে পারেনি উপকূলের বন বিভাগ।অবৈধ দখলদারদের উচ্ছেদতত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক সাংসদ আলমগীরের অবৈধ চিংড়িঘেরসহ ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে। দখলমুক্ত করে বন বিভাগের এক হাজার ৪৮৫ একর জমি। উপকূলীয় বন বিভাগের সোনাদিয়ার বিট কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গ আলম চৌধুরী ওই বছরের ২ আগস্ট সাবেক সাংসদ আলমগীরসহ ১৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় ১০১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার ক্ষতিপূরণ মামলা করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর (সোনাদিয়া) ওয়ার্ডের সদস্য আবদুল গফুর ওরফে নাগু, নুরুল আলম, মাস্টার আমিন শরিফ, সিরাজুল হক, মোস্তফা কামাল, এখলাছ মিয়া, একরাম মিয়া, মোহাম্মদ আমজাদ, সিরাজ মিয়া, আবদুস শুক্কুর। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।উচ্ছেদের পর আবার দখল২০০৮ সালের মার্চে ৬১০ একর জমি দখল করে আবারও অবৈধভাবে ১৩টি চিংড়িঘের নির্মাণ করেন প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনার দীর্ঘদিন পর গত বছরের ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর র‌্যাব, পুলিশ, কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনী ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে। ২৬ নভেম্বর বন বিভাগের সোনাদিয়া বিট কর্মকর্তা মতিলাল বাবু মহেশখালী থানায় আবদুল গফুরকে প্রধান আসামি করে ২২ জন দখলদারের বিরুদ্ধে প্রায় ২৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন।কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান প্রথম আলোকে বলেন, উচ্ছেদের দেড় মাস পর ২৬ ডিসেম্বর থেকে ভূমিদস্যু আবদুল গফুরের নেতৃত্বে একদল দস্যু বন বিভাগের প্রায় ৪০০ একর জমি দখল করে চিংড়িঘের করতে বাধ নির্মাণ করেছে। বন বিভাগের লোকজন বেশ কয়েকবার বাধা দিলেও কাজ হয়নি। সোনাদিয়া থেকে বন বিভাগের লোকজন চলে এলে দস্যুরা শ্রমিক দিয়ে আবারও ঘের নির্মাণ শুরু করেন।সোনাদিয়া বিট কর্মকর্তা মতিলাল বাবু প্রথম আলোকে জানান, নতুন করে দখলের ঘটনায় ৩১ ডিসেম্বর ভূমিদস্যু আবদুল গফুরসহ সাতজনের বিরুদ্ধে মহেশখালী থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, সোনাদিয়া বন বিভাগের জমি নতুন করে দখলের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ দুবার ঘটনাস্থলে গিয়ে ঘেরের জন্য বাধ নির্মাণ করতে দেখেছে। তবে পুলিশ দেখেই শ্রমিকেরা পালিয়ে যান। অভিযুক্ত আবদুল গফুরসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে জানান, ইউপি সদস্য আবদুল গফুর যদি দখল বন্ধ করে দেন, তবে বন বিভাগের জমি আর জবরদখল হবে না। গফুরের ছত্রচ্ছায়ায় বাইরের প্রভাবশালী লোকজন গিয়ে প্যারাবন কেটে অতীতে চিংড়িঘের করেন। সম্প্রতি প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সোনাদিয়া দখলমুক্ত করলেও কয়েক দিন ধরে গফুরের নেতৃত্বে ভূমিদস্যুরা আবারও বন বিভাগের জমি দখল করে ঘের নির্মাণ করছে। অচিরেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।অভিযুক্ত আসামিদের বক্তব্য: অবৈধ দখলের ব্যাপারে দুটি মামলার আসামি আবদুল গফুর দাবি করেন, ‘আদালতের রায় নিয়ে সোনাদিয়ার ৩১৫ একর জমি দখল করে তাতে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করা হয়েছে। এখানে বন বিভাগের কোনো জমি নেই। বন বিভাগের লোকজন হয়রানি করতে আমাকে বিভিন্ন মামলায় আসামি করছে।’ তিনি বলেন, ‘এর আগেও বন বিভাগের লোকজন আমার চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি করেছে। এ কারণে বন বিভাগের লোকজনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’একটি মামলার আসামি সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ বলেন, ‘সোনাদিয়ায় আমি কোনো চিংড়িঘের করিনি এবং বন বিভাগের জায়গাও দখল করিনি। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করতে প্রতিপক্ষ প্রভাবশালীর ইন্ধনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন বিভাগের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আসামি করা হয়েছে। আমি নির্দোষ।’