কিছুদিন আগে আমার এক বন্ধু ফোনে এয়ারপোর্ট রোডের একটি সুদর্শন ফুলের বর্ণনা শুনিয়ে জানতে চান, ফুলটি চিনতে পেরেছি কি না। তাৎক্ষণিকভাবে বর্ণনার সঙ্গে সংগতিপূর্ণ মোট তিনটি ফুলের ছবি চোখের সামনে ভেসে ওঠে। একটি অ্যালমান্ডা, অন্য দুটি ক্যাশিয়া সুরাটেনসিস ও সোনাপাতি। মনে মনে আরেকবার এয়ারপোর্ট রোডের দুই পাশ ঘুরে আসি। বন্ধুকে ফোন করে আরও কয়েকটি দরকারি তথ্য জেনে নিশ্চিত হই, কাঙ্ক্ষিত ফুলটির নাম সোনাপাতি বা টেকোমা (Tecoma stans)।আমাদের দেশে এর আগমন বেশি দিনের নয়। প্রথম দেখি ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে। ইদানীং বিভিন্ন পার্ক, উদ্যান ও পথপাশে ছড়িয়ে পড়েছে। ফুলটির অক্লান্ত প্রস্ফুটন ও কাঁচা সোনারং জনপ্রিয়তার প্রধান কারণ। উদ্যানসজ্জায় কিংবা পথপাশের শোভা বাড়াতে এগুলো অতুলনীয়।আবাদিত জাত হওয়ায় বংশবৃদ্ধি সহজ। আমাদের দেশে বর্ষব্যাপ্ত কোনো হলুদ রঙের ফুল না থাকায় তার দীনতা কিছুটা হলেও ঘোচাতে পারবে এ ফুল। শক্ত কাণ্ডের উঁচু গাছের মধ্যে সোনালু, স্বর্ণচাঁপা, কণকচূড়া, ক্যাশিয়া সায়মা প্রায় একই বর্ণের হলেও প্রস্ফুটনকাল ভিন্ন ভিন্ন এবং স্বল্পকালীন। তা ছাড়া গড়নের দিক থেকেও ফুলগুলো একেবারেই আলাদা। কিছুটা সাদৃশ্যপূর্ণ হলেও অ্যালমান্ডা লতানো গাছ। পরিকল্পিত উদ্যান নির্মাণে এমন দুই শ্রেণীর উদ্ভিদের স্থান নির্বাচনে ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে। ২০ মিটার উঁচু কোনো একটি গাছের পাশে তিন মিটার উঁচু একটি গাছ লাগানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। কাজেই একইভাবে সোনাপাতির ভূমিকাও একেবারে স্বতন্ত্র। পাতা ও ফুলের সৌন্দর্য এবং স্থায়িত্বের কারণে এরা যেকোনো বাগানেই আদর্শ শ্রেণীর।ইংরেজি নাম অনেক—টেকোমা, ইয়েলো ট্রাম্পেটবাশ, ইয়েলো বেলস, ইয়েলো এলডার প্রভৃতি। স্প্যানিশদের দেওয়া নাম ইস্পেরানজা অর্থ ‘আশা’। এগুলো আমেরিকার ভার্জিন দ্বীপপুঞ্জের অফিশিয়াল ফুল এবং বাহামার জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে মোটামুটি সহজলভ্য।প্রায় তিন মিটার উঁচু চিরসবুজ লম্বাটে গাছ, মাথা কিছুটা ছড়ানো। যৌগপত্র ১-পক্ষল, পত্রিকা ভল্লাকার, ৪ থেকে ১০ সেন্টিমিটার লম্বা, কিনার করাতের দাঁতের মতো। ফুল ফোটার মৌসুম গ্রীষ্ম থেকে হেমন্ত অবধি। ছোট ছোট ডালের আগায় বড় বড় থোকায় হলুদ সোনালি রঙের ফুল থাকে। দল ফানেল আকৃতির, তিন থেকে চার সেন্টিমিটার চওড়া, দেখতে অনেকটা মাইকের মতো। ফল সরল, ১২ থেকে ২০ সেন্টিমিটার লম্বা, শুকিয়ে যাওয়ার পর আপনা-আপনিই ফেটে যায়, বীজ ছোট ও পক্ষল।এদের আরেকটি ঘনিষ্ঠ প্রজাতি গৌরিচৌরি (T. gaudichaudi) ইদানীং বেশ জনপ্রিয়। ভারতের আবাদিত জাত। গাছ ঝোপালো ও চিরসবুজ, চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। যৌগপত্র ৮ থেকে ১৫ সেন্টিমিটার, তাতে দুই থেকে তিনটি পত্রিকা থাকে। ফুল ঈষৎ কমলা রঙের। প্রথমোক্ত প্রজাতির চেয়ে আরও বড় বড় থোকায় ঘনবদ্ধভাবে থাকে। প্রস্ফুটনকাল প্রায় বর্ষব্যাপ্ত। বংশবৃদ্ধি বীজ ও কলমে।