সোনামণিদের বাহারি পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পাইস গার্ল, শাকিরা, কুঁচকানো অক্টোপাস, মিসেস খান, বার্বি ড্রেস, আফসানা, মাসাককালি, ক্যাটরিনা—এবার মেয়েশিশুদের জন্য ঈদের আকর্ষণ। পাখাসহ লাল, নীল বা সবুজ পরির পোশাকও আছে। আর এবার ঈদে শরীরের সঙ্গে লাগানো কুঁচকানো টাইটস, নেটের বিভিন্ন পোশাক শিশুদের পছন্দের তালিকায় ঠাঁই পেয়েছে। শুধু তাই নয়, শিশুদের পোশাকের ক্যাটালগও আছে। তবে দোকানিরাই আবার স্বীকার করলেন, এসব নাম সব ক্রেতার মন ভোলানোর জন্যই।আদরের সোনামণির পোশাকটি কিনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। কেননা, পোশাকের আয়তন ছোট হলেও পোশাকের দামটি মোটেও কম নয়। তবে সোনামণিদের এত কিছু চিন্তা করার সময় নেই। তাদের চাই ঈদের জামা। কেউ কেউ আবার নিজের জামাটি কোমরে খানিকটা চাপা হবে, নিচের দিকের ঘেরটা হবে অনেক বেশি, সেই ঘেরে কাচ বসানো থাকবে ইত্যাদি নিজেরাই জানিয়ে দিচ্ছে। সোনামণির সেই ইচ্ছা পূরণে অভিভাবকেরা ঈদবাজারে এ খাতে খানিকটা বেশিই সময় দিচ্ছেন।গতকাল সোমবার নগরের বসুন্ধরা সিটি, ধানমন্ডির এ আর এ প্লাজা, মোহাম্মদপুরের বিভিন্ন দোকান ও বুটিক হাউস ঘুরে এ চিত্রই পাওয়া গেছে।মোহাম্মদপুরের গৃহিণী লাইলী আক্তার বলেন, ‘আমরা ছোটবেলায় ঈদের পোশাকটি লুকিয়ে রাখতাম, যাতে ঈদের আগে তার হদিস কেউ জানতে না পারে। কিন্তু এখনকার বাচ্চারা টেলিভিশনে বিভিন্ন সিরিয়াল, নাটক দেখে নিজেই ঠিক করে কোন পোশাকটি তার লাগবে। দোকানে গিয়ে সেই ধরনের পোশাক কিনে তবেই শান্ত হয়। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই।’বসুন্ধরা সিটিতে টম অ্যান্ড জেরি নামক দোকানে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া অঙ্কিতা বার্বি ফ্রকের জামাটি নিজেই পছন্দ করে মাকে দেখাল। এ দোকানটিতে মাসাককালি তিন থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে।মেয়েদের চেয়ে ছেলে বাচ্চাদের পোশাক নিয়ে বেশি ভাবনায় আছেন অভিভাবকেরা। তবে নগরের বিপণিবিতানগুলো ছেলেদের জন্যও বাজারে এনেছে কটিসহ ঋত্বিক সেট, চেইন লাগানো মাইকেল জ্যাকসন প্যান্ট, মি. খান, মাই নেম ইজ খান, পাঞ্জাবি, ধুতি সেট, শেরওয়ানি বা প্রিন্স কোটসহ বিভিন্ন পোশাক। বিভিন্ন দোকানে পশ্চিমা ধাঁচের অনেক পোশাক ছেলেদের বেশি আকর্ষণ করছে বলে বিক্রয়কর্মীরা জানালেন।ধানমন্ডির এ আর এ প্লাজায় এক মাকে ছেলের জন্য একটি প্যান্ট খুঁজতে দেখা গেল। ছেলে বয়সের তুলনায় অনেক মোটা হওয়ায় বিক্রেতাদের দেখানো প্যান্টটি চলবে কি না তা নিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছিলেন না। স্কুলের একটু ওপরের ক্লাসে পড়ুয়া ছেলেদের নিয়েও অভিভাবকদের বিপাকে পড়তে হচ্ছে।মিরপুরের নাজমা আখতার বলেন, ছেলে বড় হয়েছে, পোশাকেও তার প্রমাণ থাকতে হবে। ফলে মেয়েদের রং বলে পোশাকে গোলাপির কোনো ছোঁয়া থাকতে পারবে না, হাফপ্যান্ট পরলে বড় ভাবটি থাকবে না ইত্যাদি চিন্তা মাথায় রেখেই পোশাক খুঁজতে হচ্ছে। বসুন্ধরা সিটির রামিম ফ্যাশনের ব্যবস্থাপক মিলন জানালেন, ঋত্বিক সেট ৯৫০ থেকে এক হাজার টাকা, ফুল হাতার অক্টোপাস ফ্রক এক হাজার ৫০০ টাকা, ছোটদের পার্টি ফ্রক এক হাজার ২০০ টাকা, মাইকেল জ্যাকসন প্যান্ট এক হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। তাঁর মতে, এ দাম সবার ধরাছোঁয়ার মধ্যেই আছে।কেউ কেউ চার-পাঁচটি জামারও বায়না ধরছে। দোকানে গিয়ে যেটি পছন্দ হচ্ছে তা আর তার হাত থেকে নামানোই যাচ্ছে না। ফলে অভিভাবকেরা খানিকটা বিব্রতকর পরিস্থিতিতেও পড়ছেন। ধানমন্ডির ২৭ নম্বরে ট্রেন্ডস নামক দোকানে একজন বায়না ধরেছে, ‘বাবা আমার এ টাইগারটাই (টি-শার্টে বাঘের ছবি) লাগবে।’ কিন্তু বাবা বলছে, ‘টাইগারটি দেখতে তেমন সুন্দর লাগছে না।’ কিন্তু ছেলের জেদ কমে না। অন্যদিকে মেয়েটি একটি করে পোশাক হাতে নেয়, আর দৌড়ে এসে জানায়, তার এটি লাগবেই। অবশেষে সেই বাবা নিরুপায় হয়েই বললেন, ‘তোদের মাকে নিয়ে এসে পরে জামা কিনব।’আসাদগেট আড়ংয়ে ছিল যথারীতি ভিড়। এক বছর বয়সী বাচ্চার জন্যও এখানে থ্রি-পিস পাওয়া যাচ্ছে। তবে অনেক ক্রেতাই ঠিক মনমতো পোশাকটি খুঁজে পাচ্ছিলেন না। মোহাম্মদপুর শেখের টেকের শিল্পী বলেন, বাচ্চাদের গিফট আইটেম কেনার জন্য আড়ংই সেরা। এখানে এসে শুধু বয়সটি জানালেই চলে। তারপর আর কিছু চিন্তা করতে হয় না। দামাদামিরও ঝামেলা নেই।সাদাকালো এবার বাচ্চাদের জন্য চুমকি, ফিতা দিয়ে কাজ করা ফ্রক, সালোয়ার-কামিজের পাশাপাশি শাড়ি করেছে। নগরের বিভিন্ন রাস্তায়ও ফেরিওয়ালাদের টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গার ছোটদের শাড়ি বিক্রি করতে দেখা গেল।নগরদোলার বিভিন্ন শোরুমে শাড়ির সঙ্গে কুচি লাগানো, আঁচলে ঘুঙ্গুর দেওয়া তৈরি শাড়ি পাওয়া যাচ্ছে। এখানকার প্রায় সব পোশাকেই পুঁতি, চুমকি, শামুক, মসলিনের ওড়না, মসলিনের হাতা দিয়ে ঝকমকে করার চেষ্টা চালানো হয়েছে। ছেলেদের শার্ট ও বিভিন্নভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।গুলশানের পিংক সিটিতে বেবিশপে বাচ্চাদের জামার পাশাপাশি জুতা, ফ্যাশনেবল বেল্ট, টুপি ইত্যাদি পাওয়া যাচ্ছে ৯৯ টাকা থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে।মোহাম্মদপুরের প্রিন্স প্লাজা, তাজমহল রোডে বেবি ক্লাব, টুকটুকি, তাজমহল, বীথিকাসহ বিভিন্ন দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেল। তাদের মতে, সোনামনির পোশাকটি শুধু দামি হলেই চলবে না, গরমে যাতে পরতে পারে সেদিকেও নজর দিতে হচ্ছে। ফলে সব জায়গা ঘুরে তবেই কেনা হচ্ছে সে পোশাকটি।