সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষের কর্মবিরতি কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের পাঁচজন কর্মচারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, চাঁদা দাবি, ভারতীয় কাউন্টার থেকে চাঁদা আদায় ও ভারতীয় ট্রাক-ড্রাইভারদের মারধর করে বন্দরে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছেন। এ কারণে কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি বিশেষ মহলের ইঙ্গিতে গোলাম রব্বানী, শাহজাহান আলী, জসিম উদ্দীন, নূরে আলম সিদ্দিকী ও জিয়াউর নামের পাঁচ কর্মচারী বন্দর পরিচালনায় নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসকের উদ্যোগে বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বৈঠক চলছিল।