সোনার খোঁজে গিয়ে বোমা!
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার গল্প অনেক পুরোনো। তবে সোনা খুঁড়তে গিয়ে বোমা পাওয়ার গল্পটাকে নতুনই বলতে হবে। তাও আবার যেনতেন বোমা নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! বড়দিনে উপহার পাওয়া ধাতব বস্তু শনাক্ত করার যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে সেটি খুঁজে পেয়েছে সাত বছরের বালক সনি কার্টার।ঘটনাটি যুক্তরাজ্যের নরফোক এলাকায় ঘটেছে বলে গতকাল রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়।নরফোকের বাসিন্দা জেম কার্টার ও ট্রেসি উড দম্পতি তাঁদের ছোট ছেলে সনিকে এবারের বড়দিনে ওই মেটাল ডিটেক্টর কিনে দেন। মা-বাবা আর নয় বছর বয়সী বড় ভাই মার্লির সঙ্গে বড়দিনের পরদিন ‘বক্সিং ডে’ উপলক্ষে বিশেষ ছুটির দিনে বাইরে বেড়াতে যায় সনি। সঙ্গে নেয় উপহার পাওয়া যন্ত্রটি।সনির বাবা জেম কার্টার জানান, সনি ওই যন্ত্রটি দিয়ে হাঁড়িতে লুকিয়ে রাখা সোনা খুঁজে বেড়াচ্ছিল। পাঁচ মিনিটের মধ্যেই ধাতব যন্ত্রটিতে সাংকেতিক আলো ও শব্দ ফোটে। খুশি মনে সনি জায়গাটি খুঁড়তে শুরু করে। একপর্যায়ে বোমাসমৃশ একটি বস্তু সেখান থেকে বের করা হয়।সনির বাবা আরও জানালেন, প্রথমে তাঁরা বুঝতে পারেননি উদ্ধার করা জিনিসটি কী। এরপর যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ ফোন দিলেন। এটি বোমা রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) নিষ্ক্রিয়করণ ইউনিটের নম্বর। আরএএফের একটি দল তাঁদের বাড়িতে গিয়ে বোমাটি নিয়ে যায়।বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানায়, বোমাটিতে বিস্ফোরকদ্রব্য ছিল না। এর গায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তারিখ লেখা ছিল। আরএএফের একজন মুখপাত্র জানান, এটি ছিল সাড়ে ১১ পাউন্ড ওজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ‘প্র্যাকটিস বোমা’। এই বোমা বড় কোনো বোমার মতো গতিপথ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে এটি নির্মাণে খয়খরচা কম। এর আঘাতে সাধারণ বোমার মতো ক্ষতি হয় না।মাটি খুঁড়ে পাওয়া বোমা বাড়িতে নিয়ে আসার বিষয়টি বুঝতে পারলে বেশ আতঙ্কিত হয়ে পড়ে সনি। তবে গুপ্তধনের সন্ধানে এভাবে তার অভিযান চলবে বলে সে জানিয়েছে।