সোনার চালান পার করে দেওয়ার কথা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আজিজ শাহ। গত বুধবার ঢাকার একটি আদালতের হাকিমের সামনে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন।১০ সেপ্টেম্বর দেশের প্রধান বিমানবন্দরের একটি বাথরুম থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বার উদ্ধার ও মনোয়ারুল হক নামের একজনকে গ্রেপ্তার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আজিজ বলেছেন, সোনার চালান বিমানবন্দরের বাইরে বের করে দেওয়ার জন্য তাঁর ২৫-৩০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। তবে তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, প্রকৃতপক্ষে তা আরও অনেক বেশি হওয়ার কথা। একেকটি বারের জন্য এক হাজারের বেশি টাকা দেওয়া হতো। এ ঘটনায় জড়িত হিসেবে কাস্টমসের দুজন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঁচজন কর্মকর্তার নাম বলেছেন এনএসআই আজিজ।এ ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন পর্যন্ত মনোয়ারুল, আজিজ, দেব কুমার ও কাজী আবুল কালাম নামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে এ পর্যন্ত আজিজ ও মনোয়ারুল ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দেব কুমার ও আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল শুক্রবার দেব কুমারকে দ্বিতীয় দফা আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আবুল কালাম গতকাল পর্যন্ত ডিবি হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।পাচারের কায়দা: চারজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য উল্লেখ করে ডিবি সূত্র জানায়, বিমানবন্দরের বিভিন্ন সংস্থার কিছু কর্মকর্তার সহায়তায় একটি চক্র দুবাই ও সিঙ্গাপুরে নগদ টাকা পাঠায়। সেই টাকায় স্বর্ণ ও বিভিন্ন ইলেকট্রনিকস কিনে আবার চোরাপথেই (ঘোষণা ছাড়া) বাংলাদেশে পাঠানো হয়। এর সঙ্গে মানি এক্সচেঞ্জ, স্বর্ণকার ও ইলেকট্রনিকস ব্যবসায়ীদেরও যোগসাজশ রয়েছে।ডিবি সূত্র বলেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিমানবন্দরের ভেতরের মানি এক্সচেঞ্জের কর্মীরা নগদ অর্থ তুলে দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীদের হাতে। তাঁরা আবার সুযোগ বুঝে উড়োজাহাজের আরোহী নির্দিষ্ট ব্যক্তির হাতে ওই অর্থ তুলে দেন। ফিরতি পথে আনা সোনা বা ইলেকট্রনিকস দ্রব্য বাইরে বের করার জন্য গোয়েন্দা সংস্থার কর্মীদের সাহায্য নেওয়া হয়।জিজ্ঞাসাবাদে দেব কুমার জানিয়েছেন, অনেক ব্যবসায়ী স্বর্ণ বা ইলেকট্রনিকস কেনার জন্য আগাম টাকা দেন। টাকা পাচার এবং অবৈধভাবে পণ্য আনায় সহায়তাকারী গোয়েন্দা বা অন্যান্য সংস্থার কর্মীদের চালানের মূল্য অনুযায়ী টাকা দেওয়া হয়। অনেক সময় উড়োজাহাজের কর্মীরাও মালামাল বহনের কাজে সহায়তা করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রাসহ গ্রেপ্তার হয়েছিলেন কামরুন্নাহার নামের এক বিমানবালা। তাঁর কাছে গ্রেপ্তারের চার দিন আগে দুবাইয়ের আজমি জুয়েলার্স থেকে সোনার ১০টি বার কেনার রশিদ পাওয়া যায়। ডিবি কর্মকর্তারা বলেন, কামরুন্নাহার কোনো চক্রের হয়ে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন।