সোনার নৌকা উপহার নিলেন সাংসদ আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অবৈধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ঝালকাঠি শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দুই ভরি ওজনের সোনার নৌকা উপহার নিয়েছেন স্থানীয় সাংসদ আমির হোসেন আমু। ওই শাখার পক্ষ থেকে শহরের একটি কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সকালে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এলাকাবাসীর ধারণা, অবৈধ ক্যাম্পাস টিকিয়ে রাখার কৌশল হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।ক্যাম্পাসের সমন্বয়কারী আবদুর রাজ্জাক সোনার নৌকাটি আমির হোসেন আমুর হাতে তুলে দেন। সংবর্ধনার জবাবে বিশ্ববিদ্যালয়ের ঝালকাঠি শাখার পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দেন আমির হোসেন আমু। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না। অবৈধ এই শাখা বন্ধ করার জন্য সম্প্রতি স্থানীয় প্রশাসন উদ্যোগ শুরু করেছে।ঝালকাঠি ক্যাম্পাসের সমন্বয়কারী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বহুধাবিভক্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপের ট্রাস্টি বোর্ডের সদস্য ফায়জুল কবির, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সালাম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। সংবর্ধনায় ৪০-৫০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। স্বরূপকাঠি থেকে আসা গ্রন্থাগার বিজ্ঞানের এক শিক্ষার্থী বলেন, ‘১৫ হাজার টাকার চুক্তিতে ভর্তি হয়েছি, পরীক্ষাও দিয়েছি।’ ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য শামীম আলম বলেন, ‘এই ক্যাম্পাসে কোনো ক্লাস বা পড়ালেখা হয় না। টাকা দিয়ে এলএলবি ও বিএডের সনদ পেতে বেশির ভাগ বেকার যুবক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এখানে ভর্তি হন। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শাখা ক্যাম্পাস অবৈধ ঘোষণা করে বেসকারি বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। সেই সংসদের একজন সাংসদ এ ধরনের সংবর্ধনা নিয়েছেন, যা দুঃখজনক।