সোনার নৌকা, চেইন, আংটিসহ বিভিন্ন উপঢৌকন দিয়ে যশোর-৪ আসনের (বাঘারপাড়া-যশোর সদরের আংশিক) আওয়ামী লীগ দলীয় সাংসদ রনজিত কুমার রায় ও তাঁর স্ত্রী মিনতি রায়কে ৯ জানুয়ারি গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নড়াইল-যশোর সীমান্তবর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় কৃঞ্চ বিশ্বাস। বক্তব্য রাখেন সংবর্ধনার প্রধান উদ্যোক্তা প্রসেন সরকার, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুর রউফ, জামদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, শহিদুল্লাহ মুন্সি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হীরক দাস।স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে, এ জন্য এক মাস ধরে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকে ধান-চালসহ নগদ অর্থ উঠানো হয়। জামদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিহির বিশ্বাস বলেন, ‘সংবর্ধনায় সাংসদকে দেড় ভরি ওজনের একটি সোনার নৌকা, দুগাছি সোনার চেইন, শালের চাদর, পাঞ্জাবি, ধুতি, মুজিব কোট এবং তাঁর স্ত্রীকে একটি আংটি উপহার দেওয়া হয়। এ জন্য গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে চাল, ধান আর নগদ অর্থ সংগ্রহ করা হয়। অনুষ্ঠান করতে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ করা হয়।’নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একজন স্কুল শিক্ষক বলেন, ‘সাংসদের কাছে প্রিয় হতে এবং নিজেদের স্বার্থ উদ্ধারে এলাকার কয়েকজন এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনার জবাবে সাংসদ স্থানীয় হরিপদ সংগীত নিকেতনকে ২০ হাজার ও থ্রি স্টার ক্লাবকে ৩০ হাজার টাকা অনুদান এবং বাকড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন নির্মাণসহ স্থানীয় সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।’ বাকড়ী গ্রামের বিদ্যুত্ বিশ্বাস বলেন, ‘বঞ্চিত কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এ দেশে যে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, সেই বাকড়ী গ্রামকে বলা হয় তেভাগা আন্দোলনের সূতিকাগার। যে গ্রামের মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ঘুমিয়ে আছেন তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেন। সেই স্কুল চত্বরে একজন সাংসদ ও তাঁর পত্নীকে বিভিন্ন উপঢৌকন দিয়ে সংবর্ধনা দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, তা আমার জানা নেই।’উদ্যোক্তা প্রসেন সরকার বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে যশোর-৪ আসনের নির্বাচিত সব সাংসদই বাকড়ী সড়কটি পাকা করাসহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেননি। বাঘারপাড়া অঞ্চল থেকে আজ পর্যন্ত কোনো প্রার্থী সাংসদ নির্বাচিত হননি। রনজিত কুমার রায় বাঘারপাড়া এলাকার লোক। এমপি নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি বাকড়ী এলাকায় আসেন। এ কারণেই তাঁকে সংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণালংকার উপহার দেওয়া হয়।’বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, ‘৭ জানুয়ারি উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংসদকে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা দেয়। এ ছাড়া ৯ জানুয়ারি সোনার নৌকা, চেইন, আংটিসহ অনেক সামগ্রী দিয়ে বাকড়ী স্কুল চত্বরে সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজকরা আমাকে ও জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে একটি করে কোরআন শরীফ উপহার দেয়।’এ ব্যাপারে সাংসদ রনজিত কুমার রায় বলেন, ‘এলাকার জনগণ ভালোবেসে এগুলো দিলে কী করব? তবে আগামীতে এ ধরনের উপহার বর্জন করব।’