‘দ্যাখ, আশা নিয়ে এক জাতি আছে আজ তোদেরই পানে চেয়ে, এই দেশ জাগাবি গণিতের জিয়নকাঠির ছোঁয়ায়...আয় আয় আয়...গণিতের আঙিনায়’।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এই আহ্বানে দেশকে জাগাতে এ বছরের গণিত উৎসবের বিভিন্ন পর্বে সারা দেশ থেকে সাড়া দিয়েছিল ১৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে কৃতী ৬৯৩ জন অংশ নেয় জাতীয় গণিত উৎসব ও নবম গণিত অলিম্পিয়াডে। গতকাল শনিবার সোনার বাংলা গড়ার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে ভাঙল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে আয়োজিত এই মিলনমেলা। গতকাল ছিল সমাপনী ও পুরস্কার বিতরণী। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করে।নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল বাছাই ও দেশের শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে দেশের ১৩টি শহরে আয়োজন করা হয়েছিল আঞ্চলিক উৎসব। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের নিয়ে সেন্ট যোসেফে বসে এই জাতীয় উৎসব।জাতীয় উৎসবে বিজয়ী হয়েছে ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ৩২ জনকে নিয়ে শুরু হবে গণিত-ক্যাম্প। এর মধ্যে নির্বাচিত কয়েকজন যাবে আন্তর্জাতিক অলিম্পিয়াডে।ভাষা ও দেশের গান দিয়ে শুরু হয় সমাপনী দিনের অনুষ্ঠান। প্রথম আলোর ঢাকা বন্ধুসভা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা’ সংগীত পরিবেশন করে। নাচে ছিল মিরপুর বন্ধুসভা। গণিত নিয়ে পটগানে সবাইকে মুগ্ধ করে খুলনার সামাজিক সংগঠন ‘রূপান্তর’। এদিন ছিল প্রথম জাতীয় রুবিকস কিউব প্রতিযোগিতাও। প্রতিযোগিতায় প্রথম হন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র শিহাব।পুরস্কার বিতরণী: নাচ, গানের পর শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব। এতে স্বাগত বক্তব্যে গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের কোটি কোটি শিক্ষার্থী। তারা সবাই দেশকে ভালোবাসে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ১০-১৫ বছর পর তোমাদেরই এ দেশের দায়িত্ব নিতে হবে। সব সমস্যার সমাধান করতে হবে। জাতিকে এগিয়ে নিতে হবে।ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান বলেন, বিজ্ঞানের মেরুদণ্ড হিসেবে কাজ করে গণিত। তিনি আশা প্রকাশ করে বলেন, যখন এ খুদে গণিতবিদেরা বড় হয়ে দেশের দায়িত্ব নেবে, তখন আর দেশকে বিদেশের ওপর নির্ভর করতে হবে না। সাইফুল হাসান গণিত উৎসবে ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।গণিতে পারদর্শী হলে মানুষের চিন্তা-চেতনা ও দর্শন উন্নত হয় উল্লেখ করে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এ প্রজন্ম গণিতের ভাষায় চিন্তা করবে, গণিতের ভাষায় কথা বলবে, গণিতের ভাষায় স্বপ্ন দেখবে। তারা মাদক, মিথ্যা, মুখস্থ, এসিড-সন্ত্রাসকে ‘না’ বলবে, এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। দেশকে মায়ের মতো করেই ভালোবাসবে। আর তাতে বদলাবে এ দেশ।এ পর্বে জাতীয় উৎসবে বিজয়ী ৭৯ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় মেগা ও সেমি মেগা পুরস্কার। সেরাদের সেরা চারজনকে দেওয়া হয় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস পুরস্কার। দ্বিতীয় সেরা চারজন পেয়েছে বিশেষ পুরস্কার।এদের মধ্যে ‘মেগা পুরস্কার’ আসুসের সৌজন্যে একটি ল্যাপটপ পেয়েছে চট্টগ্রাম কলেজের ছাত্র ধনঞ্জয় বিশ্বাস। আর সেমি মেগা পুরস্কার পেয়েছে ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র জিহাদুল হাসান। চারটি বিভাগে সেরাদের সেরা হয়েছে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্র আহমেদ জাওয়ার চৌধুরী (প্রাথমিক), গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র মো. মোহাইমেনুল ইসলাম (জুনিয়র), ময়মনসিংহ জেলা স্কুলের জিহাদুল হাসান (মাধ্যমিক) এবং চট্টগ্রাম কলেজের ছাত্র ধনঞ্জয় বিশ্বাস (উচ্চমাধ্যমিক)। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে বিশেষ পুরস্কার পেয়েছে চারজন। এর মধ্যে ‘সজল-কাজল স্মৃতি পুরস্কার’ পেয়েছে তানজিম আজওয়াদ জামান (প্রাথমিক), জুনিয়র পর্যায়ে ‘আবিদ রেজা চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে আদিব হাসান, মাধ্যমিকে মো. তাহমিদ হাসান পেয়েছে ‘দেলোয়ারা বেগম পুরস্কার’ ও উচ্চমাধ্যমিকে তমাল হোসেন পেয়েছে ‘সুফিয়া-নুরুল পুরস্কার’। আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে ‘তাজিমা হক মজুমদার পুরস্কার’ পেয়েছে নাফিজা আনজুম।মুহম্মদ জাফর ইকবাল, আব্দুল কাইয়ুম, সাইফুল হাসান, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, গণিত-প্রশিক্ষক মাহবুব জামান প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।বিশেষ সম্মাননা পেল বাপেক্স: বিজ্ঞান প্রযুক্তিতে অবদানের জন্য এ বছরের উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে। গ্যাস অনুসন্ধানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ত্রিমাত্রিক জরিপ সফলভাবে পরিচালনা করায় বাপেক্সকে এ সম্মাননা দেওয়া হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও ত্রিমাত্রিক জরিপ পরিচালনাকারী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সেরা ভেন্যু ময়মনসিংহ: এ বছর ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় আঞ্চলিক উৎসব। এর মধ্যে সেরা ভেন্যু নির্বাচিত হয়েছে ময়মনসিংহ। এরপর রাঙামাটি ও খুলনার অবস্থান।সেরা পরীক্ষা ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে চট্টগ্রাম অঞ্চল। আর সবচেয়ে কম খরচ করে অনুষ্ঠান করে সেরা আর্থিক ব্যবস্থাপনার পুরস্কার জিতেছে যশোর অঞ্চল। কমপিউটার জগত-এর সৌজন্যে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com) জাতীয় উৎসব ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়। বাংলালায়নের সৌজন্যে সমগ্র উৎসব প্রাঙ্গণ আনা হয়েছিল বিনা মূল্যের ইন্টারনেট সংযোগের আওতায়। এবিসি রেডিও এবং ইন্টারনেট রেডিও বিজয় মাঠ থেকে সর্বশেষ তথ্য প্রচার করে। উৎসবের দুই দিন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ সবার জন্য নেসেল বাংলাদেশের পক্ষ থেকে ছিল বিনা মূল্যে কফি ও নুড্লসের ব্যবস্থা। প্রাণের সৌজন্যে ছিল বিনা মূল্যে ফলের রস, বোতলজাত পানি, মিল্কিস বিস্কুট, ক্যান্ডি ও চিপস।