সোনার মোহর কাগুজে টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে এখন টাকা-পয়সার ছড়াছড়ি। চারদিকে সাজানো নানা রকমের মুদ্রা। কোনোটি কাগুজে, আবার কিছু রয়েছে স্বর্ণসহ নানা রকমের মূল্যবান ধাতব মুদ্রা। গতকাল সোমবার সন্ধ্যায় প্রদর্শনী কক্ষে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু শত বছরের সাক্ষী এসব মুদ্রা ছুঁয়ে দেখার সুযোগ নেই। দুর্লভ এই মুদ্রাগুলো অতি যত্ন করে কাচের বাক্সে সাজিয়ে রাখা। জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক ও এইচএসবিসি যৌথভাবে আয়োজন করেছে এই বিশেষ প্রদর্শনী।প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। জাতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ব বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস ও শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক।আদিম সমাজে কড়ি, হাঙরের দাঁত, পাথর ইত্যাদি মুদ্রা হিসেবে ব্যবহূত হতো। পরে এগুলোর পরিবর্তে সোনা, রুপা ইত্যাদি ধাতব পদার্থ মুদ্রা হিসেবে ব্যবহূত হয়েছে। পরবর্তী সময়ে কাগুজে নোটের প্রচলন ঘটে। মুদ্রা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক; রাজ্যশাসকের চিহ্ন। শুধু লেনদেনের মাধ্যমেই নয়, বরং তা একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারক-বাহক বটে। প্রদর্শনীতে স্থান পাওয়া মুদ্রা ও কাগুজে নোটগুলোতে এর প্রমাণ মিলল আবারও। প্রদর্শনীতে সাত শতাধিক মুদ্রা ও কাগুজে নোট স্থান পেয়েছে। রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে পাল বংশ, সেন বংশ, গুপ্তযুগ, সুলতানি ও মোগল আমলের মুদ্রা এবং কাগুজে নোট। ইতিহাসের নিদর্শনমূলক এ প্রদর্শনীতে বাদ পড়েনি ব্রিটিশ, পাকিস্তানি ও স্বাধীন বাংলাদেশের মুদ্রা-কাগুজে নোটও। ১২ দিনের এই প্রদর্শনীর উদ্বোধনের আগে গতকাল জাদুঘরের প্রদর্শনী কক্ষটি ছিল একেবারেই জনশূন্য। একজন গণমাধ্যম-আলোকচিত্রী তো বলেই ফেললেন, ‘দর্শক তো নাই। ছবি তুলব কিসের।’ কিন্তু উদ্বোধনের পরই চিত্রটা পাল্টে গেল। প্রদর্শনী কক্ষে প্রবেশের জন্য দর্শকের হুড়োহুড়ি। নিমেষে কক্ষ ভরপুর। ‘এবার তো দর্শকের জ্বালায় ছবি তোলা মুশকিল’—একই আলোকচিত্রীর এবারের মন্তব্য।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানান, প্রদর্শনীর সিংহভাগ মুদ্রাই জাতীয় জাদুঘরের সংগৃহীত। স্বাধীনতার পর এটাই জাদুঘরে আয়োজিত সব থেকে বড় মুদ্রার প্রদর্শনী। শুভেচ্ছা বক্তৃতায় অ্যান্ড্রু টিল্ক বলেন, ‘এইচএসবিসি ১৮৬৭ সাল থেকে এ উপমহাদেশে কাজ করছে। এ রকম একটি আয়োজনে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।’বিশেষ অতিথি সুরাইয়া বেগম বলেন, ইতিহাস-ঐতিহ্যের প্রামাণিক দলিল মুদ্রা প্রদর্শনীর মাধ্যমে জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরেছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, মুদ্রা একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। আগুন আবিষ্কার এবং মুদ্রা প্রচলন মানবসভ্যতার ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত। সভাপতির বক্তৃতায় এম আজিজুর রহমান বলেন, ‘নানা ধরনের প্রাকৃতিক সম্পদ আর ঐতিহ্যমণ্ডিত আমাদের ভারতীয় উপমহাদেশ। বারবার বিভিন্ন দেশ ও বংশের শাসকেরা শাসন করেছে এ বাংলা তথা ভারতীয় উপমহাদেশ। আর তাদের পালাবদল আর কালের পথচলাতে প্রবর্তিত হয়েছে বিভিন্ন মুদ্রা ও কাগুজে নোটের। এই প্রাচীন মুদ্রা ইতিহাসের নিদর্শন হিসেবে থাকবে।’ প্রদর্শনী ২০ জুলাই পর্যন্ত শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রতি বৃহস্পতিবার প্রদর্শনী বন্ধ থাকবে।