সোনার হাতছানির পর রুপা পেলেন একরামুল
ভারতীয় ভারোত্তোলক অযোগ্য ঘোষিত হয়ে যাওয়ায় অপ্রত্যাশিত-ভাবে সোনার হাতছানি দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ এশীয় গেমসের তৃতীয় দিনে বাংলাদেশের আক্ষেপের নাম হয়ে রইলেন একরামুল হক। ৫৬ কেজি ওজন শ্রেণীতে এই ভারোত্তোলক মাত্র এক কেজি কম তোলায় রুপা পেয়েছেন। এই রুপাটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি।প্রাপ্তির খাতায় উঠেছে জুডোতে তিনটি ও সাইক্লিংয়ে পাওয়া একটি করে ব্রোঞ্জ। জুডোতে অনূর্ধ্ব-৯০ কেজি ওজন শ্রেণীতে তরিকুল ইসলাম, অনূর্ধ্ব-৭৩ কেজিতে হাবিবুর রহমান ও অনূর্ধ্ব-৮১ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন সুশীল চন্দ্র মোহান্ত। সাইক্লিংয়ে ৮০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে এসেছে দলগত ব্রোঞ্জ।রাজশাহীতে টি-টোয়েন্টি ক্রিকেটে নেপালকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়া মহিলা ফুটবল দল এদিন শ্রীলঙ্কার বিপক্ষে জিতছে ২-০ গোলে। কাবাডির দুই বিভাগেই প্রথম ম্যাচে জয় এসেছে। প্রতিপক্ষ ছিল নেপালেরই দুটি দল। পুরুষ বিভাগে জয়টা ৪১-২০ পয়েন্টে, মহিলা দল জিতেছে ৩৩-২০ ব্যবধানে।ব্যাডমিন্টনে দলগত দুই বিভাগেই বাংলাদেশের দৌড় থেমে গেছে সেমিফাইনালে। তবে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে পারছে দলটি।তৃতীয় দিন শেষে ভারত ৫টি সোনা নিয়ে সবার ওপরে। শ্রীলঙ্কা পেয়েছে ২টি সোনা। পাকিস্তানের একটি সোনা। একটি রুপা ও ৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে স্বাগতিক বাংলাদেশ। আফগানিস্তান ও নেপালের প্রাপ্তি একটি করে ব্রোঞ্জ। এখন পর্যন্ত পদকের দেখা পায়নি ভুটান ও মালদ্বীপ।