সোনার হাসি এবার মেয়েদের শ্যুটিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু শেষ বিকেলের সোনালি রোদে সোনার হাসি হেসেছিল বাংলাদেশ। গতকাল সেই হাসি আরও প্রশস্ত হলো মেয়েদের শ্যুটিং থেকে আসা দুই সোনায়। দুটি সোনাই এসেছে দশ মিটার এয়ার রাইফেল থেকে। ব্যক্তিগত ইভেন্টে শারমিন আক্তার রত্না জিতেছেন সোনা। আর দলীয়তে তাঁর সোনা জয়ের সঙ্গী হয়েছেন সাদিয়া সুলতানা ও তৃপ্তি দত্ত।শারমিন, সাদিয়া ও তৃপ্তিদের অর্জনের দিন সকালেই শুনতে হয়েছিল একটি পরাজয়ের খবর। কাবাডিতে বাংলাদেশের ছেলেরা হেরে গেছে পাকিস্তানের ছেলেদের কাছে। এই পরাজয়ে কাবাডির ফাইনালে ওঠা একটু অনিশ্চিতই হয়ে পড়ল বাংলাদেশের। শেষ বিকেলে এসেছে আরেকটা পরাজয়ের খবর—মেয়েদের কাবাডিতেও হেরেছে বাংলাদেশ। তবে এই পরাজয় অতটা আহত করতে পারেনি কাউকে। কারণ, এই ম্যাচের আগেই বাংলাদেশের মেয়েরা নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে গেছে ফাইনালে, নিশ্চিত করে ফেলেছে রুপা। এই দুই পরাজয়ের হতাশা কিছুটা হয়তো দূর করতে পেরেছে ভারোত্তোলনে ফিরোজ মাহমুদের রুপা আর মহিলা ফুটবলে পাকিস্তানের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়। কিন্তু আধাআধি এই সাফল্যে কি খুশি হতে পারছে মানুষ? ভারতের সাফল্যের পাশে যে এই সাফল্য সূর্যের কাছে চাঁদের আলোর মতোই ম্লান! ভারতকে ছোঁয়ার আশা অবশ্য করে না বাংলাদেশ। তবে ওই যে কুড়িটি সোনার আশা! যে আশা গেমস শুরুর আগে দেখিয়েছিলেন বাংলাদেশের কর্তারা, সেটা পূরণ হবে তো? ভারোত্তোলন থেকে হামিদুলের ১ এবং শ্যুটিং থেকে শারমিনদের পাওয়া দুটি মিলিয়ে ৩টি সোনা হলো বাংলাদেশের। রইল বাকি ১৭!সেটা আসবে কি আসবে না তা পরেই জানা যাবে। তবে কাল দুটি সোনা পাওয়ার পর আজ আরও সোনার স্বপ্ন থাকছে বাংলাদেশের এসএ গেমসে। শ্যুটিংয়ে পুরুষ আর মহিলা দুটি বিভাগেই সোনার স্বপ্ন বাংলাদেশের। মেয়েদের কাজটা মেয়েরা করেছে কাল। আজ ছেলেদের পালা। আসিফ হোসেনরা কি পারবে সোনালি প্রত্যাশায় প্রাপ্তির রং মেশাতে?