সোনারগাঁও রিজোর্টের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ইউনিক প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মেঘনা নদীর তীরে সোনারগাঁও রিজোর্ট নামের আবাসন প্রকল্পে জলাশয় হিসেবে চিহ্নিত সরকারি জমি দখল করে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। পরিবেশ ছাড়পত্র ছাড়া সোনারগাঁও রিজোর্ট নামের ওই আবাসন প্রকল্প বাস্তবায়ন করায় গত রোববার ইউনিক প্রপার্টিজ কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়। গতকাল প্রতিষ্ঠানের কর্মকর্তারা পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে জানান, তাঁরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। আগামী রোববার অভিযোগের জবাব নিয়ে পরিবেশ অধিদপ্তরে যাবেন বলে ইউনিক গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত আগস্ট মাসে জলাশয় দখলের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তর যৌথ অনুসন্ধান চালায়। প্রতিবেদনে বলা হয়, ইউনিক প্রপার্টিজ পার্শ্ববর্তী মেঘনা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু তুলে তা দিয়ে প্রায় ১০০ একর জমি ভরাট করেছে। এর মধ্যে ৬.২৩ একর সরকারি মালিকানাধীন জলাভূমি রয়েছে। অনুসন্ধান দলের পরিদর্শনে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দ, চরভবনাথপুর, ছয়হিস্যা, চরলাউয়াদি, জৈনপুর ইত্যাদি মৌজার মেঘনা নদীর তীরবর্তী নিচু জমি ও নাল জমি, খাল ও রাস্তা ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে ভরাট করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক এনফোর্সমেন্ট মুনির চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘জলাশয় ভরাট ও প্রবহমান পানির গতি পরিবর্তন দণ্ডনীয় অপরাধ। ইউনিক প্রপার্টিজের বিরুদ্ধে এই দুই ধরনের অভিযোগই এসেছে। এ ব্যাপারে তাদের বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ পরিবেশ অধিদপ্তর গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে কাজ বন্ধের বিষয়টি নিশ্চিত হয়েছে। ইউনিক গ্রুপের মহাপরিচালক (ভূমি) চৌধুরী এনায়েতুল হক প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নোটিশের ভিত্তিতে আমরা ভূমি উন্নয়ন কাজ বন্ধ রেখেছি। রোববার আমরা আমাদের বক্তব্য পরিবেশ অধিদপ্তরকে জানাব।’ নাল-খাল ভরাট: পরিবেশ অধিদপ্তরের নোটিশে বলা হয়, মেঘনা নদীর তীরবর্তী জলাভূমি হিসেবে চিহ্নিত ৬.২৩ একর সরকারি ভূমিও অবৈধভাবে ভরাট করেছে ইউনিক প্রপার্টিজ। এ ছাড়া ভূমির প্রকৃতি ও শ্রেণী পরিবর্তনের ফলে স্থানীয় জনগণের প্রাকৃতিক সম্পদ আহরণ বাধাগ্রস্ত এবং পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরূপ কার্যকলাপ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। স্থানীয় জনসাধারণের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন দলটি দেখতে পায়, প্রকল্প এলাকায় মেঘনা নদীতে ৩২টি খননযন্ত্র রাখা। খননযন্ত্রগুলোর সঙ্গে সংযুক্ত পাইপের মাধ্যমে নদীর তীর থেকে এক হাজার ৫০০ ফুট দূরে প্রকল্প এলাকায় বালু ফেলতে সক্ষম।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে, সোনারগাঁও রিজোর্ট প্রকল্পের মধ্যে ভাটিবন্দ মৌজার আরএস ২৩৮ ও ২৯৪ দাগে ০.২০ ও .০২২ একর, ভবনাথপুর মৌজার আরএস ৫৬০, ৫৬১ ও ৬৩৩ দাগে ০.০৬, ০.২৫, ০.১৭, ০.২৭ ও ০.২৬ একর, চরলাউয়াদি মৌজার আরএস ১২৬৭ দাগে ৪.৮০ একর সর্বমোট ৬.২৩ একর সরকারি ভূমি ভরাট করা হয়েছে। পরিদর্শক দলের হিসাবে, সরকারি-বেসরকারি মিলিয়ে ইউনিক প্রপার্টিজ ১০০ একর জমি ছয় ফুট উচ্চতায় ভরাট করেছে। দলটি হিসাব করে দেখতে পায়, প্রকল্পভুক্ত স্থানে দুই কোটি ৬০ লাখ ৪০ হাজার ঘনফুট বালু ফেলে নদীর তীরবর্তী নিচু জমি ভরাট করা হয়েছে। ইউনিক প্রপার্টিজ প্রকল্প এলাকায় নিচু জলাভূমি ও চাপিলধর খালের .৮ একর এলাকা ভরাট করেছে। ফলে নদীর তীরবর্তী প্লাবনভূমির ও বন্যাপ্রবাহ এলাকা ক্ষতিগ্রস্ত এবং সমগ্র এলাকার বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রতিবেশ ও পরিবেশব্যবস্থা হুমকির মুখে পড়বে। জলাভূমি ভরাট করার ফলে স্থানীয় জনসাধারণের মাছসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ বাধাগ্রস্ত হবে বলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।আগের অবস্থায় আনার নির্দেশ: প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয় কমিটি গঠন করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্যে অত্যন্ত দ্রুতগতিতে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইউনিক প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের অর্থায়নে প্রকল্প স্থান থেকে বালু অপসারণ করে স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাবাসীর পক্ষ থেকে ইউনিক প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় জেলা ও উপজেলা প্রশাসনের কাছে। গত ৩ আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে শুনানির জন্য তলব করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির কেউ শুনানিতেও উপস্থিত হননি। এলাকাবাসীর পক্ষ থেকে ৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও মানববন্ধন করা হয়। সেখানে বলা হয়, ইউনিক প্রপার্টিজের সোনারগাঁও রিজোর্ট প্রকল্প বাস্তবায়িত হলে ১০টি গ্রামের প্রায় ১২ হাজার কৃষকের দুই হাজার ৩৫০ বিঘা আবাদি জমি ধ্বংস হবে।