সোনারগাঁও হোটেলের সামনে বিস্ফোরণ, প্রণব নিরাপদে
রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনের প্রধান সড়কে আজ সোমবার দুপুরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তিনি হোটেলে ছিলেন কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও হোটেলের সামনের প্রধান সড়কে সার্ক ফোয়ারা মোড়ে বেলা দুইটার দিকে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই সেখানে র্যাব-পুলিশের শতাধিক সদস্য উপস্থিত হন। তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর দুইটার দিকে কোনো একটি চলন্ত যানবাহন থেকে সার্ক ফোয়ারার মোড়ে একটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এরপর ককটেলটি বিস্ফোরিত হয়। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এদিকে ভারতের প্রভাবশালী ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’, ‘দ্য হিন্দু’, ‘এনডিটিভি’, ‘ইন্ডিয়া টুডে’, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’, ‘জিনিউজ’, ‘হিন্দুস্থান টাইমস’সহ বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণে এ খবর তাত্ক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রোববার তাঁর প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন। তিনি সোনারগাঁও হোটেলে উঠেছেন।আজ সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হয়েছে। সেখানে ডিগ্রি গ্রহণের পর তিনি সমাবর্তন বক্তৃতা করেন। আজ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় প্রণব মুখার্জি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে প্রণব মুখার্জি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন। সবশেষে বঙ্গভবনে তাঁর সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রণব মুখার্জি।একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সহিংস প্রতিবাদ শুরু করে জামায়াত-শিবির। সারা দেশে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। আজ তাদের ডাকা হরতাল শেষ হচ্ছে।