সোনারগাঁওয়ে কারুশিল্পের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুইটি দলে ভাগ হয়ে মুখোমুখি বসেছে শিক্ষার্থীরা। একটি দলের প্রধান আরেক দলের একজন সদস্যের চোখ দুই হাতে বন্ধ করে রাখল। এবার সে হাঁক দিল ‘আয়রে আমার দোয়েল’। সঙ্গে সঙ্গেই তার দলের একজন উঠে গিয়ে চোখঢাকা শিক্ষার্থীর কপালে টোকা দিল। এবার বের করতে হবে কে কপালে টোকা দিয়েছে।দেশীয় এ খেলাটির নাম ‘ফুলটোক্কা’। সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে খেলাটি চলছিল। এখানে আয়োজন করা হয়েছে ‘লোককারুশিল্প মেলা ও লোকজ উত্সব ২০১০’। আর আয়োজকদের অনুরোধে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া খেলা প্রদর্শন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ফুলটোক্কা খেলা প্রদর্শন করেছে নারায়ণগঞ্জের মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ধারাবাহিকভাবে রুমালচুরি, নুনতা বলো রে, কানামাছি, গোল্লাছুট খেলাগুলো খেলেছে। মেলায় ঢুকতেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁতবস্ত্র, হস্তশিল্প, পাটপণ্য, মৃিশল্প, ঝিনুক, বাঁশ, বেত, কাগজশিল্প ও লোকজউত্সবের বই। মেলার সময়ে এখানকার পণ্যে ১০ শতাংশ ছাড় আছে। বিক্রয়কেন্দ্রটির কর্মী বোরহান উদ্দিন জানান, বেচাকেনা ভালোই হচ্ছে। মেলায় পোশাকের স্টল রয়েছে অনেক। এসব স্টলে প্রায় সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রতিষ্ঠানের স্টলগুলোর পোশাক ও বস্ত্র নিজস্ব কারখানায় তৈরি। মেলায় আছে বাঁশ, বেত, মাটিসহ বিভিন্ন উপকরণে তৈরি গয়না ও তৈজসপত্র। গ্রামীণ খাবার ও মিষ্টান্ন পাওয়া যাচ্ছে কয়েকটি স্টলে। এর মধ্যে রয়েছে দুধের ছানা আর চিনি দিয়ে তৈরি বালুসাই, জিলাপি, গজা, নিমকি, মুরালি, লাড্ডু, তিলের খাজা, কদমা, সাজ, মনাক্কা প্রভৃতি। সোনারগাঁও মিষ্টান্ন ভান্ডার নামে একটি স্টলে দুই, তিন ও চার কেজি ওজনের মিষ্টি দেখা গেছে।সিলেট থেকে এসেছে গুলু হ্যান্ডিক্রাফট নামের একটি প্রতিষ্ঠান। তাদের স্টলে শোভা পাচ্ছে ফুলদানি, টেবিলবাতি, কর্নার সেলফ, কলমদানিসহ ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী। এগুলো তৈরি করা হয়েছে কাগজের মন্ড দিয়ে। মেঘনা থেকে মেলায় এসেছেন নুরু মিয়া। তিনি নিজে বাঁশি, বীণ, একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করেন।মেলার এক জায়গায় সোনারগাঁওয়ের হাবিবপুরের ‘হাসিখুশি পুতুল নাচ’ নামের একটি প্রতিষ্ঠান পুতুল নাচ দেখাচ্ছে। ১৫ টাকায় টিকিট কেটে সাত ধরনের পুতুল নাচ দেখা যাচ্ছে।লোকজ উত্সবের একদিকে রয়েছে কারুপল্লি। উত্সবের সময় এ পল্লিতে কারুশিল্পীদের কর্মরত অবস্থায় দেখা গেছে। এখানে জামদানি শাড়ি, উপজাতীয় পোশাক, বাঁশ-বেত-কাঠ-পাটের বিভিন্ন হস্তশিল্প তৈরি ও বিক্রি করা হয়। কারুপল্লিতে মৌলভীবাজার থেকে এসেছে মণিপুরি ক্রাফট। এখানকার কর্মী লক্ষ্মী রানী সিনহা জানান, এখানে উপজাতীয় পোশাক বিশেষ করে মণিপুরি শাড়ি, বিছানার চাদর, ওড়না, থ্রি-পিস তৈরি ও বিক্রি করা হয়। মাগুরা থেকে এসেছেন নিমাই মালাকার। তিনি পাটকাঠির মাধ্যমে ফুল, পাখি, পাখাসহ বিভিন্ন হস্তশিল্পসামগ্রী তৈরি করেন।মেলায় পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি জানতাম না, এখানে মেলা বা উত্সব হচ্ছে। আমি ঘুরতে এসেছি জাদুঘরে।’ সাইফুল ইসলামের মতো আরও অনেক মানুষ জানেন না মেলার কথা। মেলার প্রচার-প্রচারণা কম বলে অভিযোগ করেন কিছু স্টলকর্মী। জামালপুরের নকশিকাঁথা স্টলের মালিক শহীদুল্লাহ বলেন, ‘প্রচার না করলে মানুষ আসবে কী করে? স্থানীয় বাসিন্দারা তো আর এসব কিনবে না। তারা তো নিজেরাই তৈরি করতে পারে। ঢাকার লোকজন আসলে বিক্রি বাড়ে।’ স্টলকর্মীরা জানান, শুক্র ও শনিবার সারা বছরই ভিড় থাকে। মেলার সময়ও তা-ই হচ্ছে। অন্যান্য দিনে লোকজন অনেক কম থাকে। গত বুধবার সন্ধ্যায় মেলায় গিয়ে দেখা গেছে, কিছু স্টলে মোমবাতি জ্বলছে। স্টলের মালিকেরা জানান, প্রতিদিনই লোডশেডিং হচ্ছে।মেলার প্রাঙ্গণে রয়েছে লোকজ মঞ্চ। এখানে প্রতিদিন বিকেল থেকে বাউল, মাইজভান্ডারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, উপজাতীয় গানসহ নানা ধরনের লোকজ গান পরিবেশন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে রয়েছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, লেক, লেকে নৌকায় ভ্রমণের ব্যবস্থা, পুকুর, গ্রন্থাগার, কারুব্রিজ, নাগরদোলায় ওঠার ব্যবস্থা। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এসব আয়োজন। তবে মেলা ও লোকজ উত্সব চলে রাত নয়টা পর্যন্ত।গুলিস্তানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশে ও যাত্রাবাড়ী থানার সামনে থেকে বাসে উঠে যাওয়া যায় সোনারগাঁওয়ের মুগড়াপাড়া। সেখানে বাস থেকে নেমে রিকশায় যেতে হবে লোক ও কারুশিল্প জাদুঘরে। লোককারুশিল্প মেলা ও লোকজ উত্সব শেষ হবে ১৪ মার্চ।