সোনারগাঁওয়ে থাই আয়োজন
কথায় বলে, দর্শনেই অর্ধভোজন। থাই খাবারের ক্ষেত্রে কথাটা শতভাগ সত্য। কারণ, পরিবেশনের নান্দনিকতায় এই খাবারের জুড়ি নেই। ঢাকা শহরে থাই রেস্তোরাঁয় যাঁরা যান, তাঁরা বিষয়টা কমবেশি জানেন। যাঁরা জানেন না, তাঁরা হাতেনাতে প্রমাণ পেতে এখন যেতে পারেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। থাইল্যান্ডের খাবার নিয়ে এখানে চলছে ‘থাই খাবার উৎসব’। ৭ এপ্রিল উৎসবের শুরুটা হয়েছে ‘থাই বাণিজ্য মেলা’ দিয়ে। মেলায় থাইল্যান্ডের বিভিন্ন পণ্য উপস্থাপন করা হয়েছে। উঠে এসেছে থাইল্যান্ডের সংস্কৃতি। ৯ এপ্রিল মেলা শেষ হয়ে গেলেও এখনো চলছে থাই খাবারের শাহি আয়োজন।উৎসবে উপস্থাপন করা খাবারগুলো রান্না হচ্ছে এখানে। কিন্তু রান্নার সব উপকরণ আনা হয়েছে থাইল্যান্ড থেকে। থাই খাবারের আসল স্বাদ যেন ভোজনরসিকেরা পান, কোনো ঘাটতি না থাকে, সেদিকে বিশেষ নজর রাখছেন আয়োজকেরা। তাই ভোজনরসিকেরা থাই খাবারের সত্যিকারের স্বাদটা পাচ্ছেন।থাই খাবারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। রান্নার কৌশল আর মসলার মিশ্রণটা অন্য দেশের থেকে আলাদা। যে কারণে থাই খাবারের স্বাদটাও ভিন্ন। খাবারের সঙ্গে সালাদ আর সসের কয়েক ধরনের পদ রয়েছে। খাবারের তালিকাটাও বেশ বড়। সব মিলিয়ে ৭০ রকমের খাবার রয়েছে উৎসবে। থাই ফ্রাইড রাইস উইথ সসেজ অ্যান্ড পাইন আপেল, রাইস-নুডল্স, ডিপ ফ্রাইড, স্টিম্ড রাইস, স্টিম্ড ফিশ উইথ চিলি অ্যান্ড লেমন সস, রোস্টেড বিফ, স্টির ফ্রাইড সি-ফুড কারির মতো বাহারি খাবারে এখন উৎসব ভরপুর। দেখলেই চেখে দেখতে ইচ্ছে করে! লোভনীয় থাই খাবারের পাশাপাশি উৎসবে শোভা পাচ্ছে থাইল্যান্ডের ফলফলাদি। তরমুজ কেটে মাছের আকৃতি কিংবা গোলাপ ফুলের আকৃতি সহজেই চোখকে কাছে টেনে নেয়। থাই খাবারের যে পরিবেশনশৈলী, তা দেখেই কিন্তু জিভে জল আসে। নান্দনিক পরিবেশন দেখার পর আয়েশ করে ইচ্ছেমতো খাওয়া যাচ্ছে। বুফে পদ্ধতিতে খাওয়ানো হচ্ছে বলে কোনোটাই অবশ্য বাদ যায় না। তবে সব পদ চেখে দেখতে হলে অল্প অল্প করে খাওয়া ভালো। কেননা, একটা পদ নিয়ে বসে থাকলে অন্য কোনো পদ আর পেটে ধরবে না। পেট পুরে কিংবা মন ভরে থাই খাবারের স্বাদ নিতে হলে পকেটটা একটু ভারী করে আসাই ভালো। কারণ, এক দফা বুফেতে জনপ্রতি গুনতে হচ্ছে তিন হাজার টাকা।থাই খাবারের এই উৎসব শেষ হচ্ছে ১৩ এপ্রিল। জিভে জল ঝরানো এসব খাবার খেতে হলে দুপুর কিংবা রাতে ঢুঁ মারতে হবে। কারণ, উৎসবে শুধু দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাবারের আয়োজন থাকছে।