সোনারগাঁওয়ে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এস এস ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৩০ জন আহত হন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে দেখতে পান তাঁদের ছয়জনকে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদের তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ১৫-২০টি গাড়ি ভাঙচুর ও কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরে যেতে বললে তাঁরা না সরে ওই স্থানেই বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরাতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি চালায়। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ২০ জন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে চলে গেলে বেলা ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।