সোনারগাঁওয়ে সমুদ্রের স্বাদ
টেবিলে বসে মনে হয়, যেন পুরো রেস্তোরাঁটি ভাসছে পানির ওপর। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মাঝখানে এক টুকরো দ্বীপের মতো দেখতে এই রেস্তোরাঁর নাম ঝরনা। মিঠাপানির ফোয়ারা দিয়ে ঘেরা ঝরনায় এখন বসেছে লোনাপানির মাছের উৎসব। সমুদ্রের গভীর জলের মাছ, বেলাভূমির কাঁকড়া, স্রোতে ভাসা চিংড়ির নানা পদের সামুদ্রিক খাবারের মাসব্যাপী মেলা বসেছে ঝরনায়। রূপচাঁদা, ভেটকি আর নানা পদের চিংড়ি-কাঁকড়া থেকে শুরু করে পিংক সলোমন, শোল, টুনা, স্কুইডের মতো হরেক পদের সমুদ্রের মাছ একই পাতে নিয়ে খাওয়া যাবে ফেব্রুয়ারি মাসজুড়ে।সলোমন মাছের গায়ের রং রুপালি। তবে রুপালি চামড়ার ভেতরের অংশটা গোলাপি ও কমলার মিশেলে লোভনীয় একটা রঙের। ঝরনার ব্যবস্থাপক লুলা ডি সিলভা নরওয়ে থেকে আনা এই মাছটাকে তাই ‘পিংক সলোমন’ বলে পরিচয় করিয়ে দিলেন। আকারে অনেকটা বড় শামুকের ভেতরকার মাংসের মতো একেকটি পিংক সলোমনের ছোট্ট টুকরো সাজানো রয়েছে লেটুস পাতার ডালার ওপর। এর ঠিক পাশেই রয়েছে হাতের পাঞ্জার সমান লম্বা একেকটি চিংড়ি। বড় একটি চিংড়ি প্লেটে নেওয়ার সময়ই ছোট ছোট সাদা চিংড়ির দিকে চোখ যেতে পারে। সেখান থেকে দু-এক মুঠো ছোট চিংড়ি পাতে তুলে না নিলে বুফেটাই অসম্পূর্ণ মনে হতে পারে। ছোট ছোট সাদা চিংড়ির সামনের পাত্রেই রাখা ছোট সামুদ্রিক মাছ স্কুইডের সালাদ। স্কুইড, লেটুস পাতা, কমলা, পাতিলেবু আর মটরশুঁটি দিয়ে সাজানো সালাদটা দেখলে একটু চেখে দেখতে মন চাইবে, এ কথা বলা চলে নিঃসন্দেহে। এর সঙ্গে সমুদ্রের ছোট-বড় মাছ মিলিয়ে তৈরি সুপেয় স্যুপ তো রয়েছেই। সামুদ্রিক কাঁকড়া চূর্ণ করে তৈরি কাঁকড়ার সালাদটাও দেখে মন্দ মনে হলো না। সামুদ্রিক খাবারের মেলা বলে বোধ হয় ২০ থেকে ২৫ পদের সালাদের আয়োজন করেছে ঝরনা। ভোজনরসিকদের জন্য খুশির খবর যে প্রতিটি সালাদই বানানো হয়েছে নানা জাতের সামুদ্রিক প্রাণী দিয়ে। নগরের আর দশটা রেস্তোরাঁর বুফের চেয়ে এখানকার সালাদের পার্থক্যটা বোঝা যাবে সহজেই।সালাদ নেওয়ার পালা শেষে মূল খাবারের পাতিলে হাত দিয়েও মিলবে বিচিত্র নামের সামুদ্রিক খাবারের ভান্ডার। সামুদ্রিক মাছ বলতে যাঁরা শুধু রূপচাঁদার নামই জানেন, তাঁদের জন্য রয়েছে বিশাল আকারের এক একটা রূপচাঁদার পেটি। রূপচাঁদার সঙ্গেই আরেক পাতিলে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আর রূপচাঁদার পাতিলের পরের পাতিলটাতে সাজানো রয়েছে মসলামাখানো কাঁকড়া ভুনা। টমেটো, পেঁয়াজের কলি আর কাঁকড়া দিয়ে রাঁধা পদটা দেখে বোঝার উপায়ই নেই যে এগুলো সত্যিকারের কাঁকড়া। কাঁকড়ার পাতিলের পাশেই রয়েছে শোল মাছ। মাংসল এই মাছের স্বাদ সচরাচর সবখানে পাওয়া যায় না। শোলের ঠিক পাশেই রয়েছে লাল করে ভাজা চিংড়ি। মচমচে চিংড়ি ভাজা ফ্রাইড রাইস দিয়ে খেতে না চাইলেও রয়েছে ভিন্ন ব্যবস্থা। আসল সামুদ্রিক চিংড়ি দিয়ে রাঁধা নুডলসের ব্যবস্থাও রয়েছে। আর ছোটখাটো ভেটকি মাছ খেয়ে খেয়ে যাঁদের মন ভরে না, একটু বড়সড় ভেটকির টুকরো খেতে চাইলে চলে আসতে পারেন সোনারগাঁওয়ের সামুদ্রিক খাবারের মেলায়। বিশাল এক ভেটকি মাছ থেকে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন যতখানি খেতে মন চায় ততখানি। খাবারের শেষে ডেজার্টেও রয়েছে মনভোলানো পদের ছড়াছড়ি। তাজা আপেল, কমলা, আঙুর, কলার মতো ফলের সঙ্গে একই টেবিলে আইসক্রিম, চকলেট ও মিষ্টান্নের ছড়াছড়ি। এক টেবিলে বসে এতগুলো সামুদ্রিক খাবার সাবাড় করার পর একটু মিষ্টিমুখ না করাটা বড্ড বেরসিকের মতো কাজ হয়ে যায় না! ভোজনরসিকদের রসনাবিলাসের জন্য ঝরনার দরজা খোলা হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত মেলায় বসে খাওয়া যায়। অভিজাত পরিবেশে বসে সুস্বাদু এই খাবারগুলো মন ভরে খেতে চাইলে প্রতি বুফের জন্য খরচ পড়বে এক হাজার ৮০০ টাকা।