সোনারগাঁয়ে অপহরণের ছয় দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয় দিন পর গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রাম থেকে সোয়াইদ হোসেন (৫) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজনকে আটক করেছে। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী পাচানী-মোগড়াপাড়া সড়ক অবরোধ করেন। তাঁরা সন্দেহভাজন অপহরণকারী ও তাঁদের স্বজনদের বাড়িঘরে ভাঙচুর করেন এবং আগুন দেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের মাসুম মিয়ার ছেলে সোয়াইদ। তার স্বজনেরা অভিযোগ করেন, মাসুম মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় রহিম মিয়া ও তাঁর সহযোগীরা শিশুটিকে অপহরণ করে। শেষ পর্যন্ত ওই ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোয়াইদ স্থানীয় শান্তিনগর দারুন নাজাত নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। বাড়ির পাশে খেলার মাঠ থেকে পাখির লোভ দেখিয়ে ২০ ফেব্রুয়ারি তাকে অপহরণ করেন স্থানীয় মাজহারুল ইসলাম, এমদাদ হোসেন, ইকবাল মিয়া, নাছিরউদ্দিন ও আবদুল খালেক। এ ঘটনায় এই পাঁচজনের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি সোনারগাঁ থানায় সোয়াইদের বাবা অপহরণ মামলা করেন। পুলিশ ওই দিনই নাছিরউদ্দিন ও আবদুল খালেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। মাসুম মিয়া অভিযোগ করেন, ‘আসামি মাজহারুলের ঘনিষ্ঠ বন্ধু রহিম মিয়া আমার স্কুলপড়ুয়া মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ও মুক্তিপণের লোভে আসামিরা আমার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর মুক্তিপণ দিতে রাজি হলেও আসামিরা ছেলেকে ফেরত দেয়নি।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, আসামিরা ওই মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে না পেরে শিশুটিকে হত্যা করেন। আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল আসামিদের বাড়ির পাশে একটি ঝোপ থেকে সোয়াইদের লাশ উদ্ধার করা হয়। সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে শিশুটির লাশ দেখে এলাকাবাসীকে খবর দেন। ধারণা করা হচ্ছে, শিশুটিকে অ্যাসিডে ঝলসানোর পর দুই চোখ উপড়ে ফেলে গলা কেটে হত্যা করা হয়েছে। ওসি বলেন, লাশের সঙ্গে একটি পাখি বাঁধা অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অপহরণ মামলার আসামিদের সাত আত্মীয়কে আটক করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধারের পর এলাকার শত শত মানুষ বিক্ষোভ ও পাচানী-মোগড়াপাড়া সড়ক অবরোধ করেন। পরে ওই আসামি ও তাঁদের আত্মীয়স্বজনের ১০টি বাড়িঘর ভাঙচুর করে সেগুলো পুড়িয়ে দেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ রায় বলেন, ওই ঘটনায় অপহরণ মামলার পাঁচ আসামিসহ আরও সাতজনকে আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।